গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, এদেশের মানুষ জাতীয় পার্টিকে কখনোই বিরোধী দল হিসেবে মনে করে না, তাদের ‘জাতীয় বেইমান’ বলে মনে করে। জাতীয় পার্টি আজ যেখানেই ভোট চাইতে যায় সেখানে মানুষ তাদের নিয়ে হাসিঠাট্টা করে। এখন পর্যন্ত যতটুকু ক্ষতি হয়েছে তার প্রথম ক্ষতি করেছে জাতীয় পার্টি এবং দ্বিতীয় ক্ষতি করেছে আওয়ামী লীগ।
সোমবার (১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আয়োজিত পথসভা ও লিফলেট বিতরণের সময় তিনি এ কথা বলেন। রাশেদ খান বলেন, নির্বাচনে জাতীয় পার্টি ২৬টি আসন ভাগাভাগির মাধ্যমে পেয়েছে। প্রথমে তারা ২৫টি আসন পেয়েছিল। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রীর আসন যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হয়েছে ততক্ষণ তিনি নির্বাচনে যেতে চাননি।
রাশেদ খান বলেন, আমরা সরকারকে অনুরোধ করবো এখনও সময় আছে, সব দলকে সঙ্গে নিয়ে বসুন। একটি সংলাপের মাধ্যমে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন। আমরাও নির্বাচনে যেতে চাই। আমরা চাই বাংলাদেশ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন হোক। তিনি বলেন, ইংরেজি নববর্ষের প্রথম দিনে আমরা প্রধানমন্ত্রীকে অগ্রীম ধন্যবাদ দিতে পারি যে, তিনি টানা চতুর্থবারের মত একটি কর্তৃত্ববাদ রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আমরা তাকে আরও ধন্যবাদ দিতে চাই যে, তিনি অবকাঠামো উন্নয়ন করেছেন। কিন্তু উন্নয়ন মানে কি শুধুই মেট্রোরেল, ব্রিজ, কালভার্ট? জনগণের জীবনযাত্রার মানের উন্নয়ন কোথায়? আজকে রাষ্ট্রে গুম খুন, নির্যাতন, দমনপীড়ন। আওয়ামীলীগ গণতন্ত্রকে ১৪ ও ১৮ সালে গলাটিপে হত্যা করেছে। যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতায় আসলো, সেটি কেন ১১ সালে বাতিল করলো? কারণ তারা দেখেছে নিরপেক্ষ সরকারের অধীনে বারবার ক্ষমতায় আসা যায় না।
এসময় পথসভা ও লিফলেট বিতরণে গণঅধিকার পরিষদের নূর ও রাশেদ সমর্থিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভা শেষে তারা পল্টন ও প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করেন।
সময়ের আলো/এম