তীব্র তাপপ্রবাহে হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে

সম্পাদকীয়

দেশে দুই সপ্তাহ ধরে ভয়াবহ তাপদাহ বয়ে যাচ্ছে। এই তাপদাহ শুরু হয়েছে এপ্রিলের শুরুতেই। প্রচণ্ড গরমে মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

2024-04-21T00:29:00+00:00
2024-04-21T00:29:00+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সম্পাদকীয়
তীব্র তাপপ্রবাহে হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে
প্রকাশ: রোববার, ২১ এপ্রিল, ২০২৪, ১২:২৯ এএম 
তীব্র তাপপ্রবাহে হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে
দেশে দুই সপ্তাহ ধরে ভয়াবহ তাপদাহ বয়ে যাচ্ছে। এই তাপদাহ শুরু হয়েছে এপ্রিলের শুরুতেই। প্রচণ্ড গরমে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়ছে মানুষ, আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, সর্দি-কাশি, জ্বর এবং হিটস্ট্রোকে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গরমে অতিরিক্ত ঘামলে শরীরে পানি ঘাটতি দেখা দেয়। ফলে ডায়রিয়া, হিটস্ট্রোক, কলেরা, শ্বাসকষ্ট, খিঁচুনি, পেটের সমস্যা, সর্দি-জ্বর, হাঁপানি, গ্যাসের সমস্যা, শ্বাসতন্ত্রের সংক্রমণ, ত্বকের সমস্যা, নানা ধরনের অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। গত কয়েক দিনে হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। বিশেষ করে বয়স্ক, শিশু ও অন্তঃসত্ত্বা রোগীর সংখ্যা বেশি।

আবহাওয়াবিদরা বলছেন, এপ্রিল মাসে সাধারণত কয়েকটি তাপদাহ বয়ে যায়। তবে এ ধরনের টানা তাপদাহ আর দেখা যায়নি। গতকাল যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মানুষের মধ্যে তাপমাত্রার অনুভূতি মরুভূমি অঞ্চলের মতো বিরাজ করছে।

এদিকে তীব্র তাপদাহের জন্য ৩ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর ৭ দিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।

আইসিডিডিআরবি কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক দিনের দুঃসহ গরমে রোগী ভর্তির সংখ্যা দিনে গড়ে ৫০০ ছাড়িয়ে গেছে। গত তিন দিনে কলেরা হাসপাতালে মোট ১ হাজার ৫০৯ জন রোগী ভর্তি হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে রোগীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। এই তাপদাহের কারণে হিটস্ট্রোক হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা । পানি ও পানিজাতীয় খাবারের পরামর্শ দিয়েছেন তারা। প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বিশিষ্ট চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, তীব্র গরমে শিশু ও বয়স্করাই বেশি কষ্ট ভোগ করে এবং স্বাস্থ্য সমস্যায় পড়ে থাকে। এ সময়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। খাবার, পোশাক এবং চলাচল-এ তিনটি বিষয়ে সচেতনতা অবলম্বন করলে অসুস্থতা রোধ করা যাবে।

তাপদাহ থেকে বাঁচতে সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে। কয়েক বছরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশেও বেশ কয়েক বার আঘাত হেনেছে। আবহাওয়াবিদদের আশঙ্কা আগামী বছরগুলোতে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ মারাত্মক রূপ ধারণ করবে। এই মুহূর্তে অতিরিক্ত তাপদাহে আক্রান্ত দেশের মানুষ। দেশে মরুভূমির মতো যে গরম পড়ছে, তা থেকে আগামী দিনগুলোতে রেহাই পেতে হলে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি নিতে হবে। 

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জনজীবন বিপদাপন্ন হয়ে উঠছে। তাপদাহের অভিঘাতে কৃষিপণ্য উৎপাদনের ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছে। অভিজ্ঞমহলের অভিমত, এমনি অবস্থায়
প্রকৃতি, পরিবেশ সংরক্ষণ, অধিক হারে বনায়ন, বৃক্ষাচ্ছাদন, মুক্ত জলাশয়, জলাধার গড়ে তোলা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনা হলে প্রকৃতির এই বৈরী আচরণ থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। সংশ্লিষ্টরা এই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন-এটাই আমাদের প্রত্যাশা। 

সময়ের আলো/আরএস/ 




Loading...
Loading...
সম্পাদকীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: