বোটানিক্যাল গার্ডেনে টিকেটের দাম ১০০ টাকা, দর্শনার্থীদের দিকটিও ভাবতে হবে

সম্পাদকীয়

ঢাকার মিরপুরে জাতীয় বোটানিক্যাল গার্ডেনে দর্শনার্থীর সংখ্যা অনেক কমেছে। উদ্যানে দর্শনার্থীর আগের মতো আনাগোনা নেই। ‘ঢাকার অক্সিজেন ভান্ডার’খ্যাত এই বোটানিক্যাল

2024-07-07T00:17:39+00:00
2024-07-07T08:30:55+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সম্পাদকীয়
বোটানিক্যাল গার্ডেনে টিকেটের দাম ১০০ টাকা, দর্শনার্থীদের দিকটিও ভাবতে হবে
প্রকাশ: রোববার, ৭ জুলাই, ২০২৪, ১২:১৭ এএম  আপডেট: ০৭.০৭.২০২৪ ৮:৩০ এএম
বোটানিক্যাল গার্ডেনে টিকেটের দাম ১০০ টাকা, দর্শনার্থীদের দিকটিও ভাবতে হবে
ঢাকার মিরপুরে জাতীয় বোটানিক্যাল গার্ডেনে দর্শনার্থীর সংখ্যা অনেক কমেছে। উদ্যানে দর্শনার্থীর আগের মতো আনাগোনা নেই। ‘ঢাকার অক্সিজেন ভান্ডার’খ্যাত এই বোটানিক্যাল গার্ডেন ছুটির দিনে যেখানে হাজার হাজার দর্শনার্থীর পদচারণে মুখর থাকত, সেখানে এখন চারদিকে সুনসান নীরবতা। 

১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকার মিরপুরে জাতীয় বোটানিক্যাল উদ্যান। বাগানের আয়তন প্রায় ৮৪ হেক্টর জমি। প্রচুরসংখ্যক জলজ উদ্ভিদসহ গাছগাছালি প্রজাতির সংখ্যা প্রায় ৫০ হাজার। অনেক প্রজাতির বিদেশি গাছ এখানে রোপিত হয়েছে। স্থানীয় আবহাওয়ায় সেগুলোর নিয়মিত বংশ বৃদ্ধি পাচ্ছে। উদ্যানের সংগ্রহে আছে বহু দুর্লভ ও বিদেশি প্রজাতি। 

উদ্যানের ভেতরে প্রবেশ করেই দর্শনার্থীরা উফুল্ল হয়ে উঠতেন। সেই উদ্যানে এখন দর্শনার্থী হাতে গোনা। উদ্যান প্রসঙ্গে একজন দর্শনার্থী বলেন, উদ্যানে আগে টিকেটের প্রবেশমূল্য ছিল ২০ টাকা, এখন ১০০ টাকা। এটি একটি জাতীয় উদ্যান-এখানে মানুষ গাছগাছালি, পাখি ও প্রাকৃতিক পরিবেশে বায়ু সেবন করতে আসেন। সাধারণ মানুষের জন্য সেই সুযোগটিও শেষ হয়ে যাচ্ছে। 

জানা যায়, বোটানিক্যাল গার্ডেন ও ওয়ারীর বলধা গার্ডেনের প্রবেশ ফি ১০০ টাকা নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের জলবায়ু বন অধিশাখা-১। তারপর থেকে উদ্যানে দর্শনার্থীর সংখা কমে গেছে। 

জাতীয় চিড়িয়াখানা, যেখানে প্রবেশ ফি মাত্র ৫০ টাকা। পশুর খাদ্য কেনাসহ তাদের দেখভালের জন্য বাড়তি খরচ আছে। তাই এমন ফি নিয়ে কোনো দর্শনার্থী কখনো প্রশ্ন তোলেননি। কিন্তু বোটানিক্যাল উদ্যানের প্রবেশ ফি ১০০ টাকা করায় দর্শনার্থীদের ক্ষোভ বাড়ছে। 

বোটানিক্যাল গার্ডেনের টিকেট কাউন্টারে প্রায় ৮ বছর ধরে দায়িত্ব পালন করছেন ইদ্রিস খান। তিনি বলেন, টিকেটের দাম বাড়ানোর ফলে ছুটির দিনেও তেমন কোনো দর্শনার্থী নেই। টিকেটের দাম ১০০ টাকা শুনে অনেকেই উদ্যানে প্রবেশ না করে ফিরে যাচ্ছেন।

অন্যদিকে বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি হঠাৎ বেড়ে যাওয়ায় অনেকের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এর অংশ হিসেবে টিকেটের দাম কমানোর দাবিতে মানববন্ধন করেছেন মিরপুর রানার ও ফিটনেস ক্যাম্পিং বাংলাদেশের সদস্যরা।

বোটানিক্যাল গার্ডেনে প্রবেশাধিকার সর্বজনীন। তাই এসব স্থানের প্রবেশমূল্য কয়েকগুণ বাড়ানোর সিদ্ধান্ত জনগণের বিনোদন ও জনস্বাস্থ্য সুবিধার সর্বজনীন ধারণার সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে টিকেটের মূল্য বাড়ানোর ফলে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে, সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমলে নিতে হবে। এই রাজধানীতে যারা বসবাস করেন ইট-পাথরের বাইরে যে সবুজের হাতছানি রয়েছে তা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। টিকেটের মূল্যবৃদ্ধির বিষয়টি নতুন করে বিবেচনা করা যায় কি না সেটা অবশ্যই ভেবে দেখতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টরা কার্যকর পদক্ষেপ নেবেন-এটাই আমাদের প্রত্যাশা।

সময়ের আলো/আরএস/ 


Loading...
Loading...
সম্পাদকীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: