জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেছেন সোহেল তাজ। যদিও তিনি তা বলেছেন ব্যঙ্গার্থে।
শনিবার (১২ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে দেওয়া এক পোস্টে সোহেল তাজ লেখেন, আজ পত্রিকায় পড়লাম বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ছাত্র-জনতার অভুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান। আবার জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, এই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র-জনতার, কোনো দলের নয়।
তিনি আরও লেখেন, আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন, এই গণ-অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হচ্ছেন মাহফুজ। আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না যদি কয়েকদিন পর শোনা যায়, মাস্টারমাইন্ড হচ্ছেন সজীব ওয়াজেদ জয়। আমাদের সবার নিশ্চয়ই মনে আছে, বেচারা প্রিন্স চার্লসকে কত বছরই না অপেক্ষা করতে হয়েছিল রাজা হওয়ার জন্য।
এদিকে তার এই পোস্ট ঘিরে মন্তব্য বাক্সে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। রোববার (১৩ অক্টোবর) দুপুর পর্যন্ত প্রায় ১৮ হাজার নেটিজেন এতে মন্তব্য করেছেন, যার বেশিরভাই সমালোচনামূলক।
সময়ের আলো/এম