ছাত্র সংগঠনগুলোর মতামতকে উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা কৌশলে ঢাবিতে ‘নিষিদ্ধ সংগঠন’ ছাত্র শিবিরের পুনর্বাসনের প্রক্রিয়া চালু রেখেছে- এমন অভিযোগ করেছে বাম ছাত্রসংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট।
বুধবার (১১ ডিসেম্বর) গণতান্ত্রিক ছাত্র জোট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেছে। জোটের পক্ষ থেকে গণমাধ্যমে বিবৃতিটি পাঠান বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল।
বিবৃতিতে জোটটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলছে, ছাত্রলীগ-ছাত্র শিবিরকে পুনর্বাসন করে ডাকসু নির্বাচনকে বিতর্কিত করা যাবে না।
বিবৃতিতে স্বাক্ষর করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তওফিকা প্রিয়া ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি রাগীব নাঈম।
বিবৃতিতে বলা হয়, বহুল আকাঙ্খিত ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে৷ কিন্তু একইসময়ে আমরা লক্ষ্য করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাত্তরের গণহত্যাকারী, পরাজিত শক্তি জামায়াতে ইসলামের সহযোগী সংগঠন ইসলামি ছাত্র শিবিরকে পুনর্বাসনের চেষ্টা চালানো হচ্ছে। ১৯৭১ সালে ছাত্র শিবিরের পূর্বসূরি ইসলামী ছাত্র সংঘের সদস্যরা আল-বদর বাহিনী গঠন করে৷ যারা বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত ছিলো৷ একাত্তরে জামায়াতে ইসলামের খুন ধর্ষণের পক্ষে ছাত্র শিবির দীর্ঘদিন যাবৎ সম্মতি উৎপাদন করে আসছে। নব্বইয়ের গণঅভ্যুত্থানেও বিতর্কিত ভূমিকার জন্য ছাত্র শিবির এবং জাতীয় ছাত্র সমাজ দীর্ঘ তিন দশক যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শক্তির গণহত্যা, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে যে গণ রায় প্রকাশ হয়েছে, ছাত্রলীগ-ছাত্রশিবিরকে পুনর্বাসনের মধ্য দিয়ে তাকে ভূলুণ্ঠিত করা হচ্ছে ৷ ইতিমধ্যে ফ্যাসিস্ট শক্তির ছায়াতলে ছাত্র শিবিরের গুপ্ত রাজনীতি, বিরাজনীতিকরণের রাজনীতি ক্যাম্পাসের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য ক্ষতিকর ইঙ্গিত বহন করছে৷ তন্মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় শিবিরের পুনর্বাসন প্রক্রিয়া চালু হলে একই প্রক্রিয়ায় ছাত্রলীগেরও পুনর্বাসনের সুযোগ তৈরি করে হবে৷ ফলে ফ্যাসিবাদ, স্বৈরাচারের অংশীজন ও গণহত্যার সহযোগী ছাত্রলীগ, ছাত্র শিবির ও জাতীয় ছাত্র সমাজকে পুনর্বাসনের মাধ্যমে ডাকসু নির্বাচনকে বিতর্কিত করার সুযোগ নেই৷
বিবৃতিতে জোটটি অবিলম্বে ডাকসু গঠনতন্ত্র সংস্কার ও নির্বাচনের সুষ্ঠু, গণতান্ত্রিক, রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করে ডাকসু নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
সময়ের আলো/জেডআই