বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ২৪-এর জুলাই বিপ্লবের ন্যায় ১৯৭১ সালেও দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের আপামর জনতা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ঐতিহাসিক এ সংগ্রামের বিজয় ছিল পুরো জাতির ঐক্যবদ্ধ ত্যাগের ফল। কিন্তু স্বাধীনতার স্বাদ পাওয়ার আগেই আওয়ামী লীগ সেই বিজয়কে ছিনতাই করে একে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর আয়োজিত বর্ণাঢ্য র্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি এ কথা বলেন। জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদাক আজিজুর রহমান আযাদ, প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, ছাত্রকল্যাণ ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্ল্যানিং ও আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ, অর্থ সম্পাদক তৌহিদুল হক মিজবাহ, সাংস্কৃতিক সম্পাদক আহমদ তাওফিক, পাঠগার সম্পাদক অহিদুল ইসলাম আকিক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাদেক কায়েম, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলা উদ্দিন আবির, উত্তর সভাপতি আনিসুর রহমান, পশ্চিম সভাপতি সালা উদ্দিন মাহমুদ, পূর্ব সভাপতি মোজাফফর রহমান, ঢাকা কলেজ সভাপতি মানিকসহ অন্যান্য শাখা সেক্রেটারিবৃন্দ ও মহানগর পর্যায়ের দায়িত্বশীলরা।
সমাবেশে শিবির সভাপতি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে এ জাতি সামাজিক ন্যায় বিচারের কোনো দৃশ্য এখন পর্যন্ত দেখেনি। সামাজিক অধিকার, মানবিক অধিকার, সাম্য ন্যায় এবং ইনসাফ থেকে এ জাতি বঞ্চিত ছিল। এখনো বঞ্চিত রয়েছে যা আমরা দেখতে দেখতে পদার্পণ করেছি স্বাধীনতার ৫৪ বছরের পদার্পণ করেছি।
তিনি আরও বলেন, স্বাধীনতার মূল কথা ছিল ঐক্যবদ্ধভাবে দেশকে পরিচালনা করা কিন্তু সেই ঐক্য বিনষ্টে আওয়ামী দুঃশাসন বাকশাল স্বৈরশাসক এদেশের মানুষের মধ্যে এক বিভেদের দেয়াল চাপিয়ে দিয়ে এই জাতিকে খণ্ড বিখণ্ড করে দেয়া দিয়েছে।
শিবিরের সভাপতি বলেন, ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ বিশ্বের বিভিন্ন আগ্রাসন এই জাতিকে নানা দিক থেকে ঘিরে রেখে অগ্রযাত্রায় বারবার থামিয়ে দিয়ে তারা এ জাতিকে পিছিয়ে ফেলেছে। আমরা চেয়েছিলাম একটি মানবিক দেশ, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা দেখেছি বিগত আওয়ামী দুঃশাসন তার আগে বাকশাল। সবকিছুর মূলে ছিল কেউ তার মত প্রকাশ করতে পারবেনা। মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। মিডিয়ার টুটি চেপে ধরে শুধুমাত্র নিজেদের দলীয় গুণগান ছাড়া আর কিছুই দেখতে পাইনি।
মঞ্জুরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার আন্দোলনে যেভাবে ছাত্র-জনতা অংশ নিয়েছিল, মাঠে নেমেছিল। আমরা চাই স্বাধীনতার ৫৪ বছরে এসেও সেই যাত্রা শুরু হোক। তার প্রথম সূচনা হতে হবে ২৪ শে যারা হত্যাকাণ্ড চালিয়েছে এর মূল হোতা যারা ছিল তাদেরকে গ্রেফতার করতে হবে। তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।
শোভাযাত্রায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এম