মসজিদে নামাজের সময় অনেক মুসল্লিকে দেখা যায়, তারা সেজদা থেকে ওঠার সময় হাত দিয়ে জমিনের ওপর ভরে দিয়ে উঠেন। আবার অনেক মুসল্লি এমনটি না করে সরাসরি দাঁড়িয়ে যান। জানার বিষয় হলো, এই দুটি পদ্ধতির মাঝে কোন পদ্ধতি উত্তম? সেজদা থেকে দাঁড়ানোর সঠিক নিয়ম কী?
আবদুল মজিদ ঢাকা
উত্তর : সেজদা থেকে ওঠার ক্ষেত্রে নিয়ম হলো, হাত দিয়ে জমিনের ওপর ভর না দিয়ে সরাসরি দাঁড়িয়ে যাওয়া। আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে পায়ের পাতার ওপর ভর করে সেজদা থেকে দাঁড়াতেন। (তিরমিজি : ২৮৮)। তবে অসুস্থতা বা অন্য কোনো ওজরবশত হাতের ওপর ভর দিয়ে ওঠা যাবে। হারেস (রহ.) হজরত ইবরাহিম নাখায়ি (রহ.) থেকে বর্ণনা করেন, বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ ব্যক্তি ছাড়া অন্যদের ক্ষেত্রে তিনি সেজদা থেকে ওঠার সময় হাতের ওপর ভর দেওয়াকে অপছন্দ করতেন (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা : ৪০১৫)। তাই কোনো ওজর না থাকলে সেজদা থেকে ওঠার সময় হাত দিয়ে জমিনের ওপর ভর দিয়ে ওঠা অনুত্তম (কিতাবুল আসল : ১/৯; আলমুহিতুল বুরহানি : ২/১২৩; রদ্দুল মুহতার : ১/৫০৬)