লম্বা সময় পর পাকিস্তানের মাটিতে আইসিসির আসর বসেছে। তাতে দেশটিতে লেগেছে রঙের ছোঁয়া। অথচ যাদের নিয়ে রঙের উৎসব করবে পাকিস্তান, তারাই নেই ছন্দে। করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বোলিং বিপর্যয় ঘটেছে স্বাগতিকদের। সেই সুযোগে নিউজিল্যান্ড পায় ৩২০ রানের বিশাল সংগ্রহ। যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে কিউইদের দ্বিতীয় সর্বোচ্চ রান।
এর আগে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ উইকেটে ৩৪৭ রান করে দলটি। এ ছাড়া ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিপক্ষে ৩১৫/৭ রান করেছিল নিউজিল্যান্ড। এটি পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয়বার তিনশর বেশি স্কোর। এর আগে ২০১৭ সালে এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে ভারত করেছিল ৩ উইকেটে ৩১৯ রান।
পাকিস্তানের পেসাররা প্রথম ৪০ ওভারে ভালো করতে পারেনি, যা নিউজিল্যান্ডকে এনে দেয় বিশাল সংগ্রহ। পাকিস্তানি পেসারদের লেন্থ এবং লাইন নিয়ন্ত্রণে ব্যর্থতা নিউজিল্যান্ডের ব্যাটারদের জন্য সুযোগ তৈরি করে দেয়। কিউইরা শেষ দশ ওভারেই তোলে ১১৩ রান!
বিশাল এই সংগ্রহের পথে নিউজিল্যান্ডের ব্যাটার গ্লেন ফিলিপস পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদির বিপক্ষে দারুণ পারফর্ম করেছেন। তিনি শাহিনের বিপক্ষে ২৯ বলে ৭৮ রান করেছেন, যার মধ্যে ৫টি চার এবং ৭টি ছক্কা রয়েছে। তার স্ট্রাইক রেট ছিল ২৬৮.৯৬। আফ্রিদি ১০ ওভারে দেন ৬৮ রান, পাননি কোনো উইকেট। যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ রান দিয়ে কোনো উইকেট না পাওয়ার নজির। এর আগে ২০১৭ সালের আসরে তারই সতীর্থ ওহাব রিয়াজ ভারতের বিপক্ষে ৮৭ রান দিয়েও ব্যর্থ হন উইকেট নিতে। তিন নম্বরে আছেন ইমাদ ওয়াসিম, তিনিও গত আসরে একই ম্যাচে ৬৬ রান দেন বিনা উইকেটে।