ইব্রাহিম জাদরানের অবিশ্বাস্য ব্যাটিং আর আজমতউল্লাহ ওমরজাইয়ের ফাইফারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইংল্যান্ডকে ছিটকে দিয়ে আশা বাঁচিয়ে রাখলো আফগানিস্তান।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের লাহোরে ‘বি’ গ্রুপের ম্যাচে ইংলিশদের ৮ রানের ব্যবধানে হারালো আফগানরা। ৩২৬ রান তাড়া করতে নেমে ৪৯.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ৩১৭ রানে থেমেছে ইংল্যান্ড।
আজ দুই দলের সামনেই টিকে থাকার লড়াই ছিল। এই লড়াইয়ে হারলেই বিদায়। কারণ, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। দু’দলের পকেটেই আছে ৩টি করে পয়েন্ট। সুতরাং, আফগানিস্তান-ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে হারলেই বিদায় নিশ্চিত। এমন পরিস্থিতিতে ৮ রানে হেরে বিদায় হয়ে গেলো ইংল্যান্ডেরই।
শেষ ম্যাচে আফগানিস্তান যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে সেমিতে উঠবে তারাই। আফগানরা হারলে সেমিতে উঠবে দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়াই। কারণ তাদের রয়েছে ৩টি করে পয়েন্ট।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে ইবরাহিম জাদরানের ১৭৭ রানের ওপর ভর করে ৩২৫ রান করে আফগানিস্তান। আফগানদের ছুঁড়ে দেয়া চ্যালেঞ্জ মোকাবিলা করতে নেমে ইংল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। ১২ রান করে আউট হয়ে যান ওপেনার ফিল সল্ট। ওয়ানডাউনে নামা জেমি স্মিথ আউট হন ৯ রান করে। ৩০ রানে ২ উইকেট হারানোর পর বেন ডাকেট ও জো রুট মিলে গড়েন ৬৮ রানের জুটি।
৪৫ বলে ৩৮ রান করে দলীয় স্কোর ৯৮ রানের মাথায় আউট হয়ে যান বেন ডাকেট। এরপর হ্যারি ব্রুক মাঠে নেমে আউট হন ২১ বলে ২৫ রান করে। ৪২ বলে ৩৮ রান করে আউট হন অধিনায়ক জস বাটলার। ৮ বলে ১০ রান করেন লিয়াম লিভিংস্টোন।
২৮ বলে ৩২ রান করে আউট হন জেমি ওভারটন। জোফরা আরচার করেন ১৪ রান। ৫ রান করে আউট হলেন আদিল রশিদ। আফগানদের হয় ৫ উইকেট নিলেন আজমতউল্লাহ ওমরজাই। ২উইকেট নেন মোহাম্মদ নবি, ১টি করে উইকেট নেন ফজলহক ফারুকি, রশিদ খান ও গুলবাদিন নাইব।