রাওয়ালপিন্ডিতে বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল বাংলাদেশ বনাম পাকিস্তান নিয়মরক্ষার ম্যাচটি। ম্যাচটি পরিত্যাক্ত হওয়ায় দুই দলই পেয়েছে এক পয়েন্ট করে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে কোনো ম্যাচে জয় না পেলেও খালি হাতে ফেরেনি কোনো দলই।
গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে রাওয়ালপিন্ডিতে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে একটু থামলেও আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল। দুপুর থেকেই আবারো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির বাধায় টসও হয়নি।
প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পরও আবহাওয়া পরিবর্তন না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
তবে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি টুর্নামেন্টের নিরিখে গুরুত্বহীন। দু’দলই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেই ছিটকে গিয়েছে। এই ম্যাচের ফলাফলের পর পয়েন্ট টেবিলেও বিশেষ পরিবর্তন হওয়ার কথা নয়। কারণ গ্রুপ 'এ' থেকে ইতিমধ্যেই নিউজিল্যান্ড এবং ভারতের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে গিয়েছে।
এদিকে হতাশার মধ্যেও বাংলাদেশ একটু স্বস্তি পেতে পারে। নাজমুল হোসেন শান্তর দল 'এ' গ্রুপে তলানিতে থেকে শেষ করেনি। এই গ্রুপে সবার শেষে অবস্থান পাকিস্তানের, বাংলাদেশ এক ধাপ ওপরে।
বাংলাদেশ আর পাকিস্তান দুই দলই তিন ম্যাচের দুটিতে হেরেছে, একটি পরিত্যক্ত। দুই দলের পয়েন্ট সমান ১। তবে নেট রানরেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। টাইগারদের নেট রানরেট (-০.৪৪৩) এবং পাকিস্তানের (-১.০৮৭)। ফলে গ্রুপে বাংলাদেশ তিন নম্বর এবং পাকিস্তান চার নম্বরে থেকে শেষ করলো।