আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আজ। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জয়ের পর শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে রোহিত শর্মা দল মর্যাদার ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে, মিনি বিশ্বকাপ খ্যাত এ ট্রফির ফাইনালে ভারতের প্রতিপক্ষ হতে নিউজিল্যান্ডকে হারাতে হয়েছে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ২২ গজে টিম ইন্ডিয়ার সঙ্গে কিউইদের জমজমাট ফাইনালের ওপর চোখ সবার। কে জিতবে এই ফাইনাল, ভারত নাকি নিউজিল্যান্ড। সে সঙ্গে ক্রিকেটপ্রেমীদের জানার আগ্রহ, ফাইনালের উইকেট কেমন হবে, কে সুবিধা পাবে সবচেয়ে বেশি? স্পিনার না পেসারদের বান্ধব হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ২২ গজের উইকেট? ব্যাটাররাই বা কেমন করবে এই উইকেটে?
এসব প্রশ্নের উত্তর খোঁজার আগে আপাতত দেখে নেওয়া যাক ভারত বনাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে। জেনে নেয়া যাক মুখোমুখী লড়াইয়ের ইতিহাস।
কবে-কেথায়-কখন অনুষ্ঠিত হবে ফাইনাল
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৯ মার্চ) ভারত বনাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। হাই-ভোল্টেজ এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩ টায় আর টস অনুষ্ঠিত হবে ৩০ মিনিট আগে অর্থাৎ দুপুর আড়াইটায় সময়।
কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ
ভারত বনাম নিউজিল্যান্ড মিনি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশে বসে দেখা যাবে নাগরিক টিভি ও টি স্পোর্টসে। খেলা অনলাইনে টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্ব রয়েছে জিওহটস্টার। অর্থাৎ, সম্পূর্ণ বিনা পয়সায় খেলা দেখা যাবে জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে। এ ছাড়া ম্যাচের যাবতীয় খবর ও আপডেট পাবেন সময়ের আলো অনলাইনে।
মুখোমুখি সাক্ষেতের ইতিহাস
ভারত ও নিউজিল্যান্ড একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১১৯টি ম্যাচে সম্মুখসমরে নামে। ৬১টি ম্যাচ জিতেছে ভারত। ৫০টি ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। দু'দেশের ১টি ওয়ান ডে ম্যাচ টাই হয় এবং ৭টি ম্যাচ পরিত্যক্ত হয়।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ শামি, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড
ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, উইল ইয়ং, মিচেল স্যান্টনার (ক্যাপ্টেন), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, ন্যাথন স্মিথ, জেকব ডাফি, ম্যাট হেনরি, উইল ও'রোর্ক ও কাইল জেমিসন।
পিচ যেমন থাকবে
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের যে পিচে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, তা একদম নতুন নয়। এই পিচে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচ হয়েছিল।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচে ব্যবহৃত পিচেই হবে ফাইনাল। গত দুসপ্তাহ কোনও খেলা হয়নি এই পিচটিতে। পরিচর্যা করার পর সেটিকে প্রায় নতুন করে তুলেছেন দুবাইয়ের মাঠকর্মীরা।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রয়েছে মোট ১০টি উইকেট। যার চারটি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যবহার করা হয়েছে। শেষ দু’টি ম্যাচের পিচ ফাইনালের জন্য ব্যবহার করার কথা ভাবার সম্ভাবনা ছিল না। কারণ, এত কম সময়ে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য পিচ প্রস্তুত করা সম্ভব ছিল না।
যে কারণে, ভারত-বাংলাদেশ ও ভারত-পাকিস্তান ম্যাচে ব্যবহৃত পিচের মধ্যে একটিকে বেছে নেওয়ার কথা ভাবা হয়। সবদিক খতিয়ে দেখে ২৩ ফেব্রুয়ারি খেলা হওয়া পিচে ফাইনাল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইসিসির এক কর্মকর্তা বলেন, ‘ফাইনালের পিচ একদম নতুন নয়। তবে ১৪ দিন সময় পাওয়া গেছে শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর। এ সময়ের মধ্যে পিচের ক্ষত সারিয়ে আবার নতুন করে তোলা যায়। যেমন ভারত-বাংলাদেশ ম্যাচের পিচও নতুন ছিল না। ২০ ফেব্রুয়ারির ম্যাচের ১৪ দিন আগে ওই পিচে আইএল টি-২০র ম্যাচ হয়েছিল। একাধিকবার ব্যবহার হওয়ায় সেই পিচটিকে ফাইনালের জন্য বিবেচনা করা হয়নি। প্রথম থেকেই মাঠকর্মীরা অত্যন্ত যত্ন নিয়ে কাজ করছেন চ্যাম্পিয়ন্স ট্রফিকে গুরুত্ব দিয়ে। পিচের পাশাপাশি আউটফিল্ডেরও নিয়মিত যত্ন করা হয়েছে।’
স্পিনারদের বাড়তি সুবিধা
ধারণা করা হচ্ছে, রোববার দিবা-রাত্রির ম্যাচে এই উইকেট থেকে কিছুটা সুবিধা পাবেন স্পিনাররা। সে ক্ষেত্রে সুবিধাটা বেশি পাবে ভারতই। বরুণ চক্রবর্তী এমনিতেই নিউজিল্যান্ডের বিপক্ষে এবার প্রথম খেলতে নেমে ৫ উইকেট নিয়েছিলেন। সঙ্গে আছেন রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদবরা রয়েছেন। যাদের যে কেউ একজন ক্লিক করলে কিউই ব্যাটিং ধ্বসে পড়বে। ভারতের সুবিধা হলো, চার স্পিনারই রয়েছেন ফর্মে।
ভারতের বিপক্ষে ৫ উইকেট নেয়া কিউই পেসার ম্যাট হেনরি রয়েছেন চোটে। তিনি খেলতে পারবেন কি না সন্দেহ। তবে মিচেল সান্তনার, মিচেল ব্রেসওয়েল এবং রাচিন রাবিন্দ্রারাও দারুণ ফর্মে আছেন। বল ঘোরাতেও তারা সক্ষম। যদিও ভারতীয় ব্যাটাররা স্পিন খেলতে সিদ্ধহস্ত।
সুতরাং, শেষ পর্যন্ত দেখা যাবে সুবিধাটা বেশি পাচ্ছে ভারতই। যার ফলে, কিউই ব্যাটারদের বেশ সতর্ক থাকতে হবে। গত কয়েক দিন দুবাইয়ে বেশ গরম পড়ায় পানি দিয়েও আদ্র রাখা যাচ্ছে না। পানি শুকিয়ে যাচ্ছে। ফলে পিচ কিছুটা মন্থর হতে পারে। আর্দ্রতা বজায় রাখতে প্রায় বিকাল পর্যন্ত ঢেকে রাখা হচ্ছে ফাইনালের ২২ গজ।