আগামী ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি জানায় দলটি।
এনসিপি নেতারা বলেন, আওয়ামী লীগ হিটলারের দল। নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করে যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে ঠিক সেভাবে আইন তৈরি করে একই প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার করতে হবে।
এসময় এনসিপি নেতারা বিএনপিকে উদ্দেশ করে বলেন, ইনিয়ে-বিনিয়ে দলটি আওয়ামী লীগের পক্ষ নেওয়ার চেষ্টা করছে। এমন হলে এনসিপি বিএনপির বিপক্ষে রাস্তায় নামতে বাধ্য হবে। এছাড়া এনসিপি নেতারা অভিযোগ করে আরও বলেন, বিএনপি চলমান সংস্কারের পক্ষেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
সংক্ষিপ্ত সমাবেশ শেষ বিক্ষোভ মিছিল করে এনসিপি। মিছিলটি মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।