জাতীয় স্বার্থে দলমতের ঊর্ধ্বে গিয়ে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, নেতৃত্ব দিতে হলে মানুষকে বুঝতে হয়, এটার আজ বড় অভাব। দেশকে, মানুষকে ভালোবাসলে কেউ পালিয়ে যায় না। জামায়াত নেতারা তা প্রমাণ করেছেন।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘মাওলানা আব্দুস সুবহান রহ. তৃণমূল থেকে শীর্ষে’ গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বইটি লিখেছেন আলী আহমাদ মাবরুর।
মাওলানা আব্দুস সুবহান সম্পর্কে জামায়াতের আমির বলেন, তার ব্যক্তিত্ব, দল, মত নির্বিশেষে সবাইকে মুগ্ধ করত। আওয়ামী লীগ সরকারের জুলুমের শিকার হয়ে কনডেম সেলে মৃত্যুর অপেক্ষায় থেকেও কখনও ভয় পাননি। জেলে থাকা অবস্থায়ও তিনি কারাগারে থাকা সবার খোঁজখবর রাখতেন।
মওলানা আব্দুস সুবহান ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির। আওয়ামী লীগ সরকারে ২০১২ সালে তিনি গ্রেফতার হয়েছিলেন। পরবর্তীতে একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু কারাগারে থাকাবস্থায় ২০২০ সালের জানুয়ারির শেষ দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে বছরের ১৪ ফেব্রুয়ারি তিনি মারা যান।
প্রয়াত এ জামায়াত নেতার ব্যাপারে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, জুলাই বিপ্লবে বিতাড়িত সরকার আব্দুস সুবহানকে অপমানিত করতেই মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করেছিল। তবে আজ সেই আওয়ামী লীগই অপমানিত হয়ে দেশ থেকে পালিয়েছে।
গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে জামায়াতের মো. সেলিম উদ্দিন, শামীম সাঈদী, নাজিব মোমেন বক্তব্য রাখেন।
এসটিও