শনিবারই মিলবে হামজাদের সিঙ্গাপুর ম্যাচের টিকেট

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

‘বাংলাদেশের মানুষ ভালোবাসে ফুটবল, কিন্তু তাদের জোর করে বিয়ে দেওয়া হয়েছে ক্রিকেটের সঙ্গে।’ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী লাল-সবুজ

2025-05-22T05:55:09+00:00
2025-05-22T05:55:09+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলাধুলা
শনিবারই মিলবে হামজাদের সিঙ্গাপুর ম্যাচের টিকেট
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৫:৫৫ এএম 
ছবি: সংগৃহীত
‘বাংলাদেশের মানুষ ভালোবাসে ফুটবল, কিন্তু তাদের জোর করে বিয়ে দেওয়া হয়েছে ক্রিকেটের সঙ্গে।’ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী লাল-সবুজ জার্সি গায়ে জড়ানোর পর এ কথা তো আরও স্পষ্ট। শেফিল্ড ইউনাইটেডের এই তারকার বাংলাদেশ দলে অন্তর্ভুক্তি- সমর্থকদের মধ্যে গণজোয়ার সৃষ্টি করেছে। যদিও অভিষেক ম্যাচটা হামজা খেলেছেন ভারতের মাটিতে। এখনও দেশের মাটিতে অভিষেক হয়নি তার। তিন সপ্তাহ পর সেই অপেক্ষা ফুরাচ্ছে।

নব্য সাজে পাল্টে যাওয়া ঘরের মাঠ ঢাকা স্টেডিয়ামে ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হোম ম্যাচ খেলবেন হামজা। ওই ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে পারে কানাডার জাতীয় দল কাঁপানো আরেক হেভিওয়েট তারকা সামিত সোম ও ইতালির চতুর্থ বিভাগে খেলা ফাহমেদুল ইসলামের। এ কারণে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে সমর্থকদের আগ্রহের শেষ নেই। টিকেট পাওয়ার আশায় বুক বেঁধেছেন তারা।

সমর্থকদের অপেক্ষায় না রেখে আলোচনার তুঙ্গে থাকা সিঙ্গাপুর ম্যাচের টিকেট বিক্রির দিনক্ষণ প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের কম্পিটিশন কমিটির প্রধান গোলাম গাউস বুধবার টিকেট বিক্রি শুরুর তারিখ, টিকেটের মূল্য এবং টিকেট কেনার প্ল্যাটফর্ম নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয় আগামী শনিবার অর্থাৎ ২৪ মে থেকে অনলাইনে পাওয়া যাবে সিঙ্গাপুর ম্যাচের টিকেট। সেই ম্যাচের টিকেট বিক্রির স্বত্ব পেয়েছে টিকিফাই। ট্রিপল ডব্লিউ ডট টিকিফাই ডট লাইভ ওয়েবসাইট থেকে কেনা যাবে জামাল-তপুদের ম্যাচ টিকেট।

দীর্ঘদিন ধরে টিকেট বিক্রির খরায় থাকলেও সিঙ্গাপুর ম্যাচের উত্তাপ দেখে টিকেটে চড়া দামই হেঁকেছে ফুটবল ফেডারেশন। মোট ১০ ক্যাটাগরিতে বিক্রি হবে সেই টিকেট। হসপিটালিটি ৫ হাজার টাকা, ভিআইপি রেড বক্স ৪ হাজার টাকা ধার্য্য করা হয়েছে। এ ছাড়া ভিআইপি-২ ও ভিআইপি-৩, স্কাইভিউ টিকেট, ক্লাব হাউজ-১-এর টিকেট ২ হাজার ৫৯৯ টাকা ও ক্লাব হাউজ-২-এর টিকেট ২ হাজার টাকায় বিক্রি হবে। ১৮ হাজার ৩০০ সাধারণ গ্যালারি টিকেটের প্রতিটির দাম ধরা হয়েছে ৪০০ টাকা। এ ছাড়া কালোবাজারি ঠেকাতে টিকেট কিনতে লাগাম টেনেছে ফেডারেশন। সে ক্ষেত্রে একজন সমর্থক সর্বোচ্চ ৫টি টিকেট কিনতে পারবেন। টিকেট কাটতে লাগবে আগ্রহীর নাম, ফোন নাম্বার, ই-মেইল আইডি ও এনআইডি কার্ড।

টিকেট বিক্রির স্বত্ব পাওয়া টিকিফাই এর আগে কোক স্টুডিও, বিপিএল লাউঞ্জ, আতিফ আসলামের ইভেন্টের টিকেট ঝামেলা ছাড়াই বিক্রি করেছে। সিঙ্গাপুর ম্যাচের টিকেটও সুষ্ঠুভাবে বণ্টন করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘সবাইকে টিকেট নিয়ে ঢুকতে হবে। বাচ্চাদের জন্যও লাগবে টিকেট।’

সিঙ্গাপুর ম্যাচের আগে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের টিকেটও বিক্রি করবে টিকিফাই। এই ম্যাচে গ্যালারি টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এ ছাড়া দুই ম্যাচেই একটা বড় অংশের টিকেট সৌজন্য হিসেবে দেওয়া হবে ফুটবল সহযোগীদের।

সময়ের আলো/এমএইচ


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: