২০২৬ বিশ্বকাপ নিশ্চিতে শুধু একটি বড় হার এড়ালেই চলত অস্ট্রেলিয়ার। তবে তারা নির্ভার হয়ে খেলেনি, জয় দিয়েই নিজেদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ‘সকাররুজ’রা।
মঙ্গলবার (১০ জুন) জেদ্দায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ এশিয়া বাছাইয়ের ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের শুরুতে অবশ্য পিছিয়ে পড়েছিল অতিথিরা।
১৯তম মিনিটে আব্দুল রহমান আল ওবুদের গোলে এগিয়ে যায় সৌদি আরব। তবে ৪২তম মিনিটে কনর মেটকাফের গোল অস্ট্রেলিয়াকে ফিরিয়ে আনে ম্যাচে। দ্বিতীয়ার্ধে নেমেই ৪৮তম মিনিটে মিচেল ডিউক গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
ম্যাচের শেষ দিকে সৌদি আরবের কাছে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ আসে। স্পট কিক থেকে গোলের সুযোগ পেয়েছিল তারা, কিন্তু অস্ট্রেলিয়ার অভিজ্ঞ গোলরক্ষক ম্যাটি রায়ান তা ঠেকিয়ে দেন। জাতীয় দলের হয়ে শততম ম্যাচ খেলতে নামা রায়ান এই গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে রক্ষা করেন বীরোচিতভাবে।
এই জয়ে ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে অস্ট্রেলিয়া। গ্রুপ চ্যাম্পিয়ন জাপান ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আগেই নিশ্চিত করেছিল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা। গত সপ্তাহেই পার্থে জাপানকে হারিয়ে চমক দেখিয়েছিল অস্ট্রেলিয়া।
তবে সৌদি আরব (১৩ পয়েন্ট) ও ইন্দোনেশিয়া (১২ পয়েন্ট) এখনও লড়াইয়ে আছে। তারা যাবে চতুর্থ রাউন্ডে, যেখানে থাকবে আরও চার দল- সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক ও ওমান।
এরই মধ্যে এশিয়া অঞ্চল থেকে ছয়টি দল নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ। তারা হলো- ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, উজবেকিস্তান এবং অস্ট্রেলিয়া। এর মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে জর্ডান ও উজবেকিস্তান।
২০২৬ বিশ্বকাপে এশিয়া অঞ্চল থেকে মোট আটটি দল সরাসরি খেলবে। পাশাপাশি, আরেকটি দলের জন্য থাকবে আন্তমহাদেশীয় প্লে-অফের সুযোগ।
উল্লেখ্য, স্বাগতিক হিসেবে বিশ্বকাপে সরাসরি অংশ নেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এরই মধ্যে চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা, ব্রাজিল ও নিউজিল্যান্ডও।
এএডি/