ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩ জুন যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে (ইসি) দ্রুত জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে বলব, অতি দ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যেতে পারি; সেরকম কার্যক্রম আপনারা নেবেন। সেই হিসেবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে, সেটা খুব শিগগিরই ইসিকে যথাযথ প্রক্রিয়া কমিউনিকেট করবেন বলে আশা করি। যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে, তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে।
সোমবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় জাতীয় বাজেট ২০২৫-২৬’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারির প্রথম দিকে রোজা শুরুর আগেও ভোট হতে পারে বলে শুক্রবার (১৩ জুন) লন্ডনের বৈঠকে মত দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
তবে রোববার (১৫ জুন) এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, লন্ডনে যে ঘোষণাটা এসেছে অন্যদের মতো সংবাদমাধ্যম থেকে যেটুকু জানা, এর বাইরে কিছু নেই। এ নিয়ে আমি মন্তব্য করতে পারব না।
তিনি বলেন, ভেতরে কী আলাপ হয়েছে। শুধু যৌথ বিবৃতি যেটা দিয়েছে, সেটা তো আন-সাইনড; এটাই বা কতটুকু জেনুইন, তাও তো জানি না। কারো স্বাক্ষর থাকলে বুঝতাম এটা সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন। তাহলে বুঝতাম এটা অফিসিয়াল ডকুমেন্ট।
সিইসির এমন বক্তব্যের পরদিন লন্ডনের বৈঠকের সিদ্ধান্ত ইসিকে জানানোর অনুরোধ জানায় বিএনপি।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আলোচনা সভার সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।
/এসটিও