নিউইয়র্কের বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে হেনস্তা ও তার ওপর ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদ জানিয়েছে দলটি। আখতার হোসেনসহ অন্যদের নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এসব দাবি জানান।
তিনি বলেন, গতকালের ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নিউইয়র্কের কনসাল জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ঘটনা সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
এনসিপির আহ্বায়ক বলেন, ফ্যাসিবাদের জমানায় নিয়োগ করা আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে। উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলাকারী হিসেবে যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের তালিকা প্রকাশ করতে হবে।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচার স্বচ্ছ ও ত্বরান্বিতকরণ করতে হবে । দল হিসেবে সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। ট্রাইব্যুনালে এখনো দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হয়নি। আমরা ট্রাইব্যুনালের কাছে এটার আবেদন জানাব। সরকারের পক্ষ থেকেও যাতে উদ্যোগ নেওয়া হয়। যাতে দল হিসেবে আওয়ামী লীগের জুলাই গণঅভ্যুত্থানসহ গত ১৫ বছরের মানবতাবিরোধী কর্মকাণ্ড তদন্ত করে সেটার বিচার কার্যক্রম শুরু করা হয়।
পররাষ্ট্র উপদেষ্টার জবাবদিহিতা চাওয়া হবে জানিয়ে তিনি বলেন, কেন বারবার দেশের বাইরে এ ঘটনাগুলো ঘটছে। আমরা বিভিন্ন সময় দেখছি। পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যে নিয়োগগুলো দেওয়া হচ্ছে সেটা নিয়ে নানা বিতর্ক হচ্ছে। ফ্যাসিবাদের জমানায় যারা নিয়োগ হয়েছিল তারা সম্পূর্ণরূপে অপসারণ হয়নি। তারা থেকে গেল কেন? থেকে যাচ্ছে সেই বিষয়ে কোনো স্পষ্ট জবাব আমরা পাইনি। ফলে পররাষ্ট্র উপদেষ্টার কাছে বসে তার কাছে আমরা এ দাবিগুলো পেশ করব। আমরা জবাব চাইব, আমাদের বিদেশে যে অ্যাম্বাসিগুলো রয়েছে তারা কেন আমাদের রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এবং কেন ফ্যাসিস্ট আওয়ামী তৎপরতা বন্ধ করতে পারছে না।
সময়ের আলো/এনএ