আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে আজ বাংলাদেশের মিশন শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ-পাকিস্তান দুই দলই প্রায় সমান শক্তির। নারীদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান ৮ নম্বরে, আর বাংলাদেশের অবস্থান এক ধাপ উপরে অর্থাৎ, সাতে। পরিসংখ্যানেও দল দু’টির মধ্যে খুব একটা পার্থক্য নেই। এখন পর্যন্ত নারী ওডিয়াই ক্রিকেটে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের ৭ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৮টিতে।
সবশেষ পরিসংখ্যান বলছে, পাকিস্তানের বিপক্ষে হার মানতে হয়েছে বাংলাদেশকে। গত এপ্রিলে বিশ্বকাপ বাছাইপর্বের সে ম্যাচে তাদের পরাজয় ৭ উইকেটে।
যদিও আজকের ম্যাচের আগে অনুপ্রেরণা খুঁজতে গেলে কমতি পড়বে না বাংলাদেশের। সবশেষ সাতবারের দেখায় পাঁচবারই তারা পাকিস্তানকে হারিয়েছেন। এ ছাড়া, ২০২২ সালে প্রথমবারের মতো নারী ক্রিকেট বিশ্বকাপে খেলতে নেমে পাকিস্তানের বিপক্ষেই একমাত্র জয়টি পেয়েছিলেন তারা। ওই ম্যাচের একাদশে থাকা সাতজন রয়েছেন এবারের বিশ্বকাপ দলে। নিশ্চয় সেই জয়ের অনুপ্রেরণা তারা ছড়িয়ে দেবেন পুরো দলের মাঝেই।
তবে শঙ্কার বিষয় হলো, বিশ্বকাপের আগে আদর্শ প্রস্তুতির সুযোগ পায়নি নিগার সুলতানা জ্যোতির দল। সর্বশেষ এপ্রিলে বিশ্বকাপ বাছাইয়ের পর আর একটাও ওয়ানডে ম্যাচ খেলেনি দলটি। প্রস্তুতি বলতে গত আগস্টে অনূর্ধ্ব-১৫ পুরুষ দলের সাথে লাল ও সবুজ দলে ভাগ হয়ে একটা টুর্নামেন্ট খেলেছেন নারীরা। সেই সাথে বিশ্বকাপের প্রাক্কালে সিলেটে নয় দিনের বিশেষ ক্যাম্প করেন তারা। যেখানে মূল উদ্দেশ্য ছিল দিবারাত্রির ম্যাচ-পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নেওয়া।
এসব প্রস্তুতি যে মোটেও আশানুরূপ হয়নি, সে কথা দেশ ছাড়ার আগে বলে যান অধিনায়ক জ্যোতি। তিনি বলেছিলেন, প্র্যাকটিসগুলো করেছি অনেক কঠিন পরিস্থিতিতে। আমি যে দলে খেলেছি, প্রস্তুতিটা ভালো হয়নি। একটা বড় টুর্নামেন্টের আগে আন্তর্জাতিক সিরিজ অবশ্যই প্রয়োজন। চেষ্টা তো করেছি, কিন্তু পাইনি। আদর্শ হয়নি হয়তো-বা।
বাংলাদেশ দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।
সময়ের আলো/এসআর/এনএ