চলতি নারী ক্রিকেট বিশ্বকাপে বল হাতে দারুণ সময় কাটাচ্ছেন বাংলাদেশের সিমার মারুফা আক্তার। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৩১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচেও তিনি ধরে রাখেন ধারাবাহিকতা। ২৮ রান খরচায় তুলে নেন ২ উইকেট।
বিশ্বকাপে ভালো পারফর্ম করার পুরস্কারটা মারুফা পেয়ে গেছেন হাতেনাতেই। মঙ্গলবার আইসিসি নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বোলারদের তালিকায় ছয় ধাপ এগিয়েছেন তিনি। উঠে এসেছেন ৪১ নম্বরে। তার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪১১।
তাছাড়া বাংলাদেশি বোলারদের মধ্যে লেগ স্পিনার রাবেয়া খান এক ধাপ এগিয়ে ওঠে এসেছেন ২১ নম্বরে। আর র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ স্থানটা দখলে রেখেছেন অফ স্পিনার নাহিদা আক্তার। তার অবস্থান নয় নম্বরে।
/এসআর