বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘একই অপরাধে দুইরকম বিচার হতে পারে না। যদি আওয়ামী লীগের কার্যক্রম ২৩, ২৪ এবং এর আগের গণহত্যা, নির্যাতন, ভোটাধিকার হরণের কারণে নিষিদ্ধ হতে পারে- তাহলে একাত্তরের গণহত্যা ও ধর্ষণের দায়ে জামায়াতকেও নিষিদ্ধ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত নানা সুবিধা পেয়েছিল। জামায়াতের অনেক শীর্ষ নেতা একসময় জাসদের সঙ্গে যুক্ত ছিল, এমনকি গলাকাটা পার্টির সঙ্গেও সম্পৃক্ত ছিল। ৫ আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকেও বের হয়েছে, আর এখন তারা বলছে- তারা প্রকাশ্যেই ছিল।’
আলাল বলেন, ‘জামায়াত এখন রূপ বদলাতে শুরু করেছে। তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে, যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়। কারণ, বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতো; যার যখন প্রয়োজন কেটে নিয়ে যায়।’
তিনি বলেন, ‘দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়েছে। এখন বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা।’
একাত্তরের হত্যাযজ্ঞের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে আলাল বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আর প্রতারণা দেখতে চায় না।’
সময়ের আলো/এনএ