আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এককভাবে লড়বে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বুধবার (৫ নভেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘এই ঐতিহাসিক নির্বাচন এনসিপি নিজস্ব সক্ষমতায় লড়বে। কোনও সমঝোতা করা হবে না। ইনকিলাব জিন্দাবাদ।’
এদিকে, সামান্তার সুরে সুর মিলিয়ে একই কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও। বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি সেখানে জুলাই আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত গার্মেন্টসের নিরাপত্তাকর্মী গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সে লক্ষ্যে সব ক’টি আসনেই শাপলা কলির জন্য প্রার্থী দেওয়ার কাজ করছি। সমঝোতা বা জোট রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। জুলাই সনদ ও আমাদের সংস্কারের দাবিগুলোর সঙ্গে যদি কোনও দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সে ক্ষেত্রে জোটের বিষয়টি বিবেচনা করা হতে পারে। কিন্তু, আমরা এখন পর্যন্ত এককভাবেই এগোচ্ছি।’
সময়ের আলো/এনএ