বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রয়োজনে আবার জীবন দেব। জুলাইয়ের চেতনা ভুলুণ্ঠিত হতে দেব না। সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, চলতি মাসে গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার আগে রাজধানীর পল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নো হাঙ্কিপাঙ্কি। জাতীয় নির্বাচনের আগেই গণভোট করতে হবে। সরকারকে বলব, চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা করে গণভোট আয়োজন করুন। বাংলাদেশে এখন একদিনে যে চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিনই গণভোট সম্ভব।
রাজনৈতিক দলগুলোর আলোচনায় সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। আমরা যেমন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য কমিটি গঠন করেছি, বিএনপির কাছে আহ্বান জানাবো আপনারাও আলোচনায় উদ্যোগী হন।
/ইউএমএইচ