ক্রিকেট হোক কিংবা রাজনৈতিক মাঠ, ভারত-পাকিস্তান মানেই বাড়তি উত্তেজনা। দুই দেশের সম্পর্কে বরাবরই বৈরিতা। সম্পর্কের টানাপোড়েনের মধ্যে সর্বশেষ এশিয়া কাপ ২০২৫ চলাকালীনই ভারত ও পাকিস্তান এই দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে ফের ফাটল ধরেছে। টুর্নামেন্টে নিজেদের ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানানো এবং পরবর্তীতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ না করার ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। দুই দেশের খেলার মাঠের সঙ্গে রাজনীতি যেন হুটহাট জড়িয়ে যায়। এ প্রসঙ্গে পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘ক্রিকেটে রাজনীতি ঢোকানো উচিত নয়। খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখতে হবে। লিগ ক্রিকেটে সব দেশের খেলোয়াড়ের সমান সুযোগ থাকা উচিত।’
সবশেষ এশিয়া কাপের ট্রফি আনুষ্ঠানিকভাবে এখনও বিসিসিআই-এর কাছে হস্তান্তর করা হয়নি, যা ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, যদি পরিস্থিতি এমন চলতে থাকে তাহলে শুধু দ্বিপাক্ষিক সিরিজই নয়, ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্টেও দুই দলের মুখোমুখি হওয়ার বিষয়টি অনিশ্চিত আকার ধারণ করতে পারে।
ওয়াসিম আকরাম এ প্রসঙ্গে আরও বলেন, ‘বড় মন দেখানো জরুরি। না হলে ক্রিকেটের নৈতিক মান ক্ষতিগ্রস্ত হবে। এই প্রেক্ষাপটে আইসিসি ও সংশ্লিষ্ট বোর্ডগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত।’
সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, দুবাইয়ে চলমান আইসিসির ত্রৈমাসিক সভায় এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। বিসিসিআই ইতোমধ্যেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে বলেছে এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) লিখিতভাবে জানিয়েছে।
বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানান, ট্রফি হস্তান্তরে বিলম্ব নিয়ে আলোচনা করা হবে এবং বিষয়টি এসিসিকে আগেই জানানো হয়েছে।
সময়ের আলো/এনএ