গত মঙ্গলবার থেকে টানা ৭৪ ঘণ্টার অনশন পার হয়েছে নতুন নিবন্ধন চাওয়া রাজনৈতিক দল ‘আমজনতার দল’-এর সদস্যসচিব তারেক রহমানের। নতুন রাজনৈতিক দল হিসেবে ‘আমজনতার দল’ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় কমিশনের সামনে আমরণ অনশনে বসেছেন দলটির এ নেতা। টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এরই মধ্যে তার শরীরে চারটি স্যালাইন পুশ করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) ইসির সামনে দেখা যায়, ৭৪ ঘণ্টা অনশনের কার্ড হাতে নিয়ে ইসির গেটের সামনে বসে আছেন তারেক রহমান। চেহারায় ক্লন্তির চাপ। টানা তিনদিন ধরে একই পোশাকে রয়েছেন তারেক রহমান।
আমৃত্যু অনশনে থাকা তারেক রহমান গণমাধ্যমকে বলেন, ‘এত ঘণ্টা এক ফোটা পানিও খাইনি। এতে সময় ধরে ভাত, পানি না খেলে অসুস্থ হওয়াটাই স্বাভাবিক। চারটি স্যালাইন শরীরে পুশ করা হয়েছে। দেখি কতক্ষণ থাকতে পারি।’
অনশন চলাকালীন অনেক রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষ তার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন এবং খোঁজ-খবর নিচ্ছেন। অনেকে জানতে চাচ্ছেন কোনও কিছু প্রয়োজন কি না।
কালো টি-শার্ট পরা ইসির একজন ব্যক্তি এসে আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানের খোঁজ নেন। তিনি এ সময় আদালতে যাওয়ার ইঙ্গিত দেন। আরেকজন এসে জানান, তিনি দেশের বাইরে ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে দেশে এসেছেন। অনশনের খবর শুনে তিনি আজ তারেককে দেখতে ছুটে এসেছেন। এ সময় তিনি তারেকের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।
এদিকে, গতকাল বৃহস্পতিবার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রধান ফটকে গিয়ে সংহতি প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় রিজভী সাংবাদিকদের বলেন, ‘আমজনতার দলের সদস্য সচিব তারেক এ দেশের স্বার্থে কথা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কথা বলেছেন। একটি রাজনৈতিক দল গঠন করেছে তার বৈধতার জন্য। নির্বাচন কমিশনে আবেদন করেছিল। সে তো কোনও গোপন রাজনৈতিক দল করতে চায়নি, আইন সম্মত রাজনৈতিক দল করতে চেয়েছে। যদি তার উদ্দেশ্য খারাপ থাকতো, তাহলে গোপন রাজনৈতিক দল করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করতো। রাষ্ট্রবিরোধী কোনও কার্যকলাপ তারেক করেনি।
সময়ের আলো/এনএ