বিদেশের মাটিতে আবারও আলো ছড়াল বাংলাদেশ। হংকং সিক্সেসে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারাল আকবর আলীর দল। সেই সঙ্গে প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে লাল-সবুজের বাংলাদেশ। আগামীকাল শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে বাংলাদেশের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।
শুক্রবার (৭ নভেম্বর) হংকংয়ে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটে ৭৫ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে রান তাড়ায় ৬১ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
এদিন টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। জিসান ব্যর্থ হলেও ঝড় তোলেন সোহান। প্রথম ওভারেই ২০ রান তোলে বাংলাদেশ। মাত্র ৭ বলে ২১ রান করে রানআউট হন সোহান।
এরপর দ্বিতীয় ওভারে বাংলাদেশ তোলে ২৪ রান। আউট হওয়ার আগে অধিনায়ক আকবর আলীর ব্যাট থেকে আসে ৯ বলে চারটি ছয় ও দুই চারে ৩২ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটে ৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।
ফিল্ডিংয়ে নেমে বল হাতে প্রতিপক্ষকে আটকে রাখেন আবু হায়দার রনি ও মোসাদ্দেকরা। প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দেন রনি। পরের ওভারে উইকেটের দেখা পান মোসাদ্দেক। উইকেটের শিকার করেছেন তোফায়েলও। লঙ্কানদের হয়ে ১২ বলে সর্বোচ্চ ১৮ রান করেন ধনাঞ্জয়া লক্ষ্মণ। দুই ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত।
সময়ের আলো/এনএ