প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১০:১৫ পিএম

জেরুজালেমের পুরাতন শহরে অবস্থিত আল-আকসা মসজিদে ইফতারের মাধ্যমে রোজা ভাঙার জন্য জড়ো হয়েছেন ফিলিস্তিনিরা। সংগৃহীত ছবি
জেরুজালেমের পুরাতন শহরে অবস্থিত আল-আকসা মসজিদে ইফতারের মাধ্যমে রোজা ভাঙার জন্য জড়ো হয়েছেন ফিলিস্তিনিরা। সংগৃহীত ছবিমধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি থেকে। সেই হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হতে পারে রোজা। এর মধ্য দিয়ে একমাসজুড়ে ইবাদতে মগ্ন হবেন বিশ্বের সব মুসল্লি।
এদিকে ইসলামধর্ম বিষয়ক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’ জানিয়েছে, পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি আছে। শনিবার (৮ নভেম্বর) ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে ওয়েবসাইটে। আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান সংবাদমাধ্যম গালফ নিউজকে এ তথ্য জানিয়েছেন।
ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে ১৭ ফেব্রুয়ারি। কিন্তু ওইদিন সূর্যাস্তের মাত্র ১ মিনিট পরই চাঁদটি অস্ত যাবে। ফলে এটি খালি চোখে আর দেখা যাবে না। তাই ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু না হয়ে ১৯ ফেব্রুয়ারি হবে।
আগামী বছর মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ— সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েতে রমজানের শুরুর কয়েকদিন প্রায় ১২ ঘণ্টা রোজা রাখতে হবে। রমজান যত শেষের দিকে যাবে এই সময় তত বাড়বে। এটি বাড়তে বাড়তে ১৩ ঘণ্টা হবে।
আগামী ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া। যদিও সৌদির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা তাদের নিজস্ব উম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের ঘোষণা দিয়ে থাকে।
রোজা শুরুর তারিখ ২০ ফেব্রুয়ারি ধরে বাংলাদেশে ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসকে/