ভূমিকম্পের সময় গুরুতর আহত কয়েকজনকে নরসিংদী থেকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। আহতদের বেশিরভাগেরই ‘প্যানিক অ্যাটাক’ হয়েছে বলে জানিয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত আরেকজনের চিকিৎসা চলছে।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হতাহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা জানিয়েছেন।
নূরজাহান বেগম জানিয়েছেন, ভূমিকম্পের মাত্রা অনুযায়ী হতাহতের সংখ্যা কিছুটা বেশি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল কাছাকাছি হওয়ায় এমনটা হয়ে থাকতে পারে।
আহতদের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয় সে বিষয়ে সরকারি হাসপাতালগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। দেশের বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন দুই শতাধিকেরও মানুষ। হেলে পড়েছে কয়েকটি ভবন।
সময়ের আলো/কেএইচও