বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে অনন্য এক সামাজিক উদ্যোগ গ্রহণ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। দিনের বিশেষত্ব স্মরণীয় করে রাখতে তিনি টকশো থেকে পাওয়া সম্মানী ব্যয়ে ক্ষুদে ক্রিকেটারদের মধ্যে ৬১টি ব্যাট ও বল বিতরণ করেন।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে শ্যামলী ক্লাব মাঠে আয়োজিত এই সরল কিন্তু প্রাণবন্ত অনুষ্ঠানে স্থানীয় শিশু-কিশোরদের অংশগ্রহণে মাঠ হয়ে ওঠে উৎসবমুখর। ‘ক্রীড়া উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি’ শীর্ষক আয়োজনটি ছিল ছোটদের মুখে হাসি ফোটানোর এক আন্তরিক প্রয়াস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শেখ তাওহীদুল ইসলাম সৈকত। সঞ্চালনায় ছিলেন কলেজটির ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এ সময় ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ শিহাব, খন্দকার সিফাত-উল-হকসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন।
আরও পড়ুন
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় যুক্ত করা এবং ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যেই এই আয়োজন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষাংশে ক্ষুদে ক্রিকেটারদের হাতে ব্যাট ও বল তুলে দিলে পুরো মাঠে ছড়িয়ে পড়ে শিশুর উচ্ছ্বাস ও আনন্দ।
ডা. আউয়াল জানান, তারেক রহমানের জন্মদিনকে জমকালো না করে মানবিক ও সামাজিকভাবে উদযাপন করতেই তাদের এই উদ্যোগ।
এএডি/