রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের প্রয়াস অব্যাহত রাখার নির্দেশ দেন। গতকাল মঙ্গলবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা এখনও সঠিকভাবে অবগত হতে পারছি না। তবে অনেকের বাড়িঘর পুড়ে গেছে।’
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ‘দলের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের প্রয়াস অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘আজ ২৫ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি ও সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনীর পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও সঠিকভাবে জানা যায়নি। তবে বহু মানুষের ঘরবাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাখালীর কড়াইল বস্তির এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীর প্রাণপণ প্রচেষ্টার প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘তাদের এই আন্তরিক প্রচেষ্টা দেশবাসীকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। আশা করি, ভয়ংকর এ আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আসবে। কোনও প্রাণহানি না ঘটুক—এ প্রার্থনায় মহান আল্লাহর দরবারে হাত তুলেছি। এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা এই কঠিন সময় ধৈর্যের সঙ্গে অতিক্রম করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
সময়ের আলো/এনএ