সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার দিবাগত মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বেগম জিয়াকে দেখতে গিয়ে এসব কথা জানান বিএনপির এই নেতা।
বেগম জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন বলেও জানান মির্জা আব্বাস।
ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংকটাপন্ন সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতাল এলাকায় যান দলের নেতাকর্মীরা।
এসময় সেখানে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, মির্জা আব্বাসসহ অন্য নেতারা।
সময়ের আলো/জেডআই