সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ হকি দলের। বিদেশের মাটিতে যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্বের গণ্ডি পার হতে না পারায় ১৭-২৪ তম স্থানের জন্য লড়তে হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার মাদুরাইয়ে ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এবার যুব হকি বিশ্বকাপ হচ্ছে চেন্নাই ও মাদুরাই ভেন্যুতে। চেন্নাই থেকে মাদুরাইয়ের দূরত্ব ৪৫০ কিলোমিটারের বেশি। এত দূর পথ বাংলাদেশ সড়ক পথেই রওনা হয়। এজন্য বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে মাদুরাইয়ে পৌঁছায় বাংলাদেশ দল। আগামীকাল সকাল সাড়ে এগারোটায় ম্যাচ।
এই ম্যাচ জিতলে অন্য ম্যাচের জয়ী দলের সঙ্গে কিংবা হারলে অন্য বিজিত দলের সঙ্গে খেলবে বাংলাদেশ।
গতকাল সন্ধ্যায় চেন্নাইয়ে বাংলাদেশ গত আসরের রানার্স আপ ফ্রান্সের বিপক্ষে খেলে। ঐ ম্যাচে তীব্র লড়াই করে বাংলাদেশ ৩-২ গোলে হেরেছে। সেই খেলা শেষ করে খানিকটা বিশ্রাম নিয়ে বুধবার সকালে রওনা হয়েছে মাদুরাইয়ের উদ্দেশ্যে।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল রিয়াজুল হাসান (অব) যুব বিশ্বকাপ দলের ম্যানেজার। তিনি আগামীকালের ম্যাচ ও সড়ক পথে ভ্রমণ সম্পর্কে বলেন, ‘ছেলেরা গ্রুপের তিনটি ম্যাচই দুর্দান্ত খেলেছে। আশা করি, আগামীকালও এই ধারাবাহিকতা থাকবে। সড়ক পথে খানিকটা লম্বা সফর হলেও স্বাচ্ছন্দ্যেই ভ্রমণ করেছে খেলোয়াড়রা। খেলায় এটা প্রভাব পড়বে না।’
বিশ্বকাপে এবার ২৪ দল অংশগ্রহণ করছে। গ্রুপ পর্যায় পরবর্তী রাউন্ডে খেলবে ১৬ দল। বাকি আট দল খেলবে স্থান নির্ধারণীর জন্য। বাংলাদেশ তিনটি ম্যাচ জিততে পারলে ১৭ তম অবস্থান নিয়ে বিশ্বকাপ শেষ করতে পারবে।
সময়ের আলো/এনএ