বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছু রাজনৈতিক দল ধর্মের নাম ব্যবহার করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চায়, তাদের আগে জানা দরকার বাসস্টেশন কোথায়? জনগণ এগুলো বোঝে।
সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে মানুষকে ধোকা দেওয়া হচ্ছে। যারা ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে, তারা কেবল ভোটের জন্য জান্নাতের কথা বলে। কিন্তু তারা কখনোই আলোচনা করেন না- ইহকালে মানুষ কীভাবে ভালোভাবে জীবনযাপন করবে।’
সালাহউদ্দিন আহমদ আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ‘মুখোশ গণতন্ত্র’ প্রচলন করেছেন, যা দেশে একদলীয় শাসন কায়েমের পথ তৈরি করেছে। তিনি বলেন, ‘শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন, যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ফ্যাসিবাদী শাসনব্যবস্থা।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, বিএনপি কখনো ধর্মের নামে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে না। বরং দলের মূল লক্ষ্য দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, কল্যাণ এবং সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনার দিকে মনোনিবেশ করা। বিএনপি জনগণের স্বার্থে কাজ করতে চায় এবং তারা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেবে, তা পূরণের দায়িত্ব নেবে।
সালাহউদ্দিন আহমদ বিএনপির ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে বলেন, ‘বাংলাদেশ মানেই বিএনপি, গণতন্ত্রের আরেক নাম বিএনপি।’ তিনি দাবি করেন, বিএনপি-ই ছিল প্রথম দল যারা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করতে সচেষ্ট ছিল, বিশেষ করে জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের অভিষেক সবই ছিল বিএনপির অবদান।
বিদেশি লেখক-বিশ্লেষকদের সমালোচনা করে তিনি বলেন, ‘অনেকে দেশের বাস্তবতা না জেনে শুধু নিজেদের মতামত প্রদান করছেন, অথচ তাদের কোনো দায়বদ্ধতা বা দেশপ্রেম নেই।’ তিনি তারেক রহমানের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে বলেন, এটি দেশের প্রতি গভীর ভালোবাসা এবং দায়িত্ববোধের প্রতীক।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ, ব্যক্তিগত চরিত্র হনন এবং রাজনৈতিক বিদ্বেষ ছড়ানোর প্রবণতাও উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন সালাহউদ্দিন।
তিনি বলেন, ‘বর্তমানে পলিটিকাল ক্যারেক্টর অ্যাসাসিনেশন সবচেয়ে বেশি হচ্ছে। কিছু কিছু মিডিয়াতেও এই প্রবণতার প্রকাশ দেখা যাচ্ছে, যা দেশের রাজনৈতিক পরিবেশের জন্য ক্ষতিকর।’
সভায় উপস্থিত দলের নেতাকর্মীদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে কী করতে চায়, তা জনগণের কাছে সহজ ভাষায় তুলে ধরতে হবে। জনগণের মন জয় করতে হলে তাদের চাহিদা পূরণের জন্য কাজ করতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, উপস্থিত ছিলেন দলের বিভিন্ন নেতৃবৃন্দ, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- জিয়াউদ্দিন হায়দার, আবদুল মোনায়েম মুন্না, এসএম জিলানী, শহিদুল ইসলাম বাবুল, নিপুন রায় চৌধুরী, রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
এ সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ সবার প্রতি আহ্বান জানিয়েছেন, আগামী নির্বাচনে বিএনপির পরিকল্পনা নিয়ে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং দলের প্রতি সমর্থন বাড়ানোর লক্ষ্যে কাজ করতে।
এএডি/