ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ দীপিকা কক্কর বর্তমানে অসুস্থতার কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছেন। চিকিৎসার কারণে চুল পড়ে যাওয়া, ওজন বেড়ে যাওয়া- কোনো কিছু নিয়েই এখন আর ভাবতে চান না তিনি। তার একমাত্র লক্ষ্য- নিজের সন্তানের জন্য সুস্থ হয়ে ওঠা।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে অভিনেত্রী রশ্মি দেশাইকে সঙ্গে নিয়ে এক আলাপচারিতায় দীপিকা খোলামেলা বলেন তার ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতার কথা। ‘শ্বশুরাল সিমর কা’ নাটকে অভিনয় করা এ তারকা জানান, শারীরিক পরিবর্তন তাকে এখন আর বিচলিত করে না। জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার এক বছরের শিশু পুত্র।
ক্যানসার নির্ণয়ের মুহূর্তটির কথা উল্লেখ করতে গিয়ে দীপিকা বলেন, ‘প্রথম যেদিন জানলাম আমার ক্যানসার হয়েছে, তখনই মনে হয়েছিল- আমার ছেলেকে আমাকে ঠিকই বড় করে তুলতে হবে। হাসপাতালে ভর্তি হওয়ার সময় তাকে সঙ্গে নিতে না পারার কষ্ট এখনও চোখে ভাসে।’
আরও পড়ুন
তিনি জানান, ছেলেকে মায়ের কাছে রেখে হাসপাতালে যেতে হয়েছিল। মাকে না পেয়ে তখন শিশুটির কান্না দেখে হৃদয় ভেঙে গিয়েছিল তার। এই পরিস্থিতিতে দীপিকার স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিমও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে পরে দুজনই সিদ্ধান্ত নেন- যত চ্যালেঞ্জই আসুক, দীপিকাকে সুস্থ করতেই হবে।
বর্তমানে পরিবারের সবার শক্ত সমর্থন নিয়েই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন দীপিকা কক্কর। তিনি বিশ্বাস করেন, মা হিসেবে সন্তানের জন্য লড়াই চালিয়ে যাওয়াই এখন জীবনের সবচেয়ে বড় দায়িত্ব।
এএডি/