সংগীত শিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে তার স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী সানাউল্লাহ নূর এ তথ্য জানান।
তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ।’
পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রেখেই এই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে এবং বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান।
তিনি আরো লেখেন, ‘আমরা দুটি মানুষ আলাদা হলেও, আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। সুতরাং আমার সন্তানের মাতা হিসাবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন।’
একই সঙ্গে জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন সানাউল্লাহ নূর। তবে সালমার পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আলাদা কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
২০১৮ সালের ৩১ ডিসেম্বর সানাউল্লাহ নূর ও সালমার বিয়ে হয়। পাঁচ বছরের দাম্পত্য জীবনের পর তাদের এই বিচ্ছেদের খবর সামনে এলো।
এর আগে ২০১১ সালে রাজনীতিবিদ শিবলী সাদিকের সঙ্গে বিয়ে হয়েছিল সালমার। সেই সংসারের বিচ্ছেদ হয় ২০১৬ সালের ২০ নভেম্বর। প্রথম সংসারে সালমার একটি কন্যা সন্তান রয়েছে।
সময়ের আলো/জেডআই