ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে হামলার আশঙ্কায় রাজধানীর গুলশানে অবস্থিত ভারতীয় দূতাবাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একইসঙ্গে চট্টগ্রামের খুলশীতে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ। এবার এ ঘটনায় মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, আমরা ভারতীয় হাইকমিশন ভাঙচুর করতে চাই না।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘আমরা ভারতীয় হাইকমিশন ভাঙচুর করতে চাই না। যারা এ ধরনের উসকানিমূলক কাজকর্ম করতে চায়, আমরা বাংলাদেশের ১৮ কোটি জনগণকে বলব– অহিংস এবং গণতান্ত্রিকভাবে বাংলাদেশের রাজপথে নেমে আসুন।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যারা এখানে স্যাবোটাজ করতে চায়, সাংবাদিকদের ওপর হামলা করতে চায়, যারা বিভিন্ন দূতাবাসে অ্যাটাক করতে চায়, তাদেরকে আপনারা নিবৃত্ত করে আপনাদের ভাই-বোন হিসেবে সহযোগী হিসেবে রাজপথে নিয়ে আসুন।’
এর আগে, গতকাল বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ঘোষণার পর ক্ষোভে ফেটে পড়েন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা। রাতে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে প্রথমে রাজধানীর শাহবাগে অবস্থান নেন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা।
সময়ের আলো/এনএ