টেস্ট, ওয়ানডে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ রানসংগ্রাহক জো রুট। তবে অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত ১৭টি টেস্ট খেললেও এখনও জয়ের স্বাদ পাওয়া হয়নি ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ তারকার।
এর মধ্যে ১৫ ম্যাচে হার এবং বাকি দুটি ম্যাচে ড্র। এ ছাড়া দেশটির মাটিতে সর্বোচ্চ টেস্ট হারে রুট যৌথভাবে শীর্ষে উঠেছেন।
গতকাল অ্যাডিলেডে শেষ হয়েছে চলমান অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট। এই সিরিজের তিনটি ম্যাচেই হেরে ইংলিশরা সিরিজ হাতছাড়া করেছে।
যদিও বাকি আরও দুটি টেস্ট। তৃতীয় টেস্টে ৪৩৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩৫২ রানে অলআউট হয়েছেন স্টোকস-রুটরা। আগে থেকেই অস্ট্রেলিয়ায় টেস্ট জিততে না পারার আক্ষেপ ছিল রুটের, এবার রেকর্ডই গড়ে ফেললেন তিনি। যদিও নির্দিষ্ট দেশের মাটিতে সর্বোচ্চ টেস্ট (১৫) হারের কীর্তিতে রুট সঙ্গে পাচ্ছেন দুই স্বদেশি অ্যালিস্টার কুক ও জেমস অ্যান্ডারসনকে।
এ ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে ১৪টি করে টেস্ট হেরেছেন ইংল্যান্ডের জ্যাক হবস ও ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ক্যারিবীয় মহাতারকা ব্রায়ান লারা হেরেছেন ১৩ টেস্ট।
একই ভূখণ্ডে উইলফ্রেড রোডস ১২, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, কেভিন পিটারসেন, অ্যালেক স্টুয়ার্ট, বেন স্টোকস, কোর্টনি ওয়ালশ ও বব উইলিস ১১ বার টেস্টে হার দেখেছেন।
চলমান অ্যাশেজ সিরিজে রুটের সামনে আরও দুটি ম্যাচ বাকি। সেখানে আর একটিতে হারলেও সবাইকে বিব্রতকর রেকর্ডে সবাইকে ছাড়িয়ে যাবেন ইয়র্কশায়ারের এই তারকা ব্যাটার। ২০১৩-১৪ অ্যাশেজ দিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছিলেন রুট। সেবার ইংলিশরা হোয়াইটওয়াশ হয়।
সময়ের আলো/এআর