রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই গণ-অভ্যুত্থানের কোনো আহত রোগী না থাকায় কর্মসূচি বাতিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ছাড়া শনিবার তারেক রহমানের বেশ কিছু কর্মসূচির মধ্যে রয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত। কবর জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচন কমিশন (ইসি) অফিসে যাবেন। সেখানে তিনি নাগরিক হিসেবে তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। নির্বাচন কমিশন থেকে তিনি ধানমন্ডিতে শ্বশুরের বাসা মাহবুব ভবনে যাবেন। সেখান থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।
এর আগে, শুক্রবার বিকেল ৫টায় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও তার বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি মুক্তিযুদ্ধে শহিদদের শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান ।
সময়ের আলো/কেএইচও