
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামের একজন এনসিপি কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ বিষয়ে যথেষ্ট গোপনীয়তা অবলম্বন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী শনিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হকও মনোনয়নপত্র কেনার বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার দুপুরে আসিফ মাহমুদ আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। এসময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
আসিফ মাহমুদ মুরাদনগর থেকেই নির্বাচন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
জানা গেছে, মনোনয়নপত্র রেজিস্ট্রারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এবং স্থায়ী ঠিকানা হিসেবে মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ করা আছে।
এর আগে, আসিফ মাহমুদ ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন। এরই মধ্যে তিনি ওই আসনে ভোটারও হয়েছেন। প্রচারণাও চালাচ্ছেন। তবে মুরাদনগরে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আসিফ মাহমুদ কোনো মন্তব্য করেননি।
জোট নিয়ে নাটকীয় কোনো সিদ্ধান্ত আসতে পারে মন্তব্য করে মিনহাজুল হক আরও বলেন, একাধিক স্থানে মনোনয়নপত্র কেনা হয়েছে। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনও হাতে সময় রয়েছে।
এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর পর্যন্ত জেলার ১১টি আসনে ১০৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে বিএনপিতে সর্বাধিক ২৭টি। এ ছাড়া জামায়াত ১১টি ও স্বতন্ত্র ২১টিসহ অন্যন্য দল রয়েছে।
মুরাদনগর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে কর্মী সমর্থকরা মনোনয়ন ফরম কিনেছেন। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ যেহেতু নিজে আসেননি তাই বিষয়টি আমরা এত গুরুত্ব দিয়ে খেয়াল করিনি। এছাড়া গত দুই দিন মনোনয়নপত্র বিক্রিও হয়নি বলে জানান তিনি।
/ইউএমএইচ