প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের আর মাত্র ৩৭ দিন বাকি আছে। আমরা মনে করি, আমরা খুবই ভালোভাবে প্রস্তুত আছি। পুলিশ, আনসার ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকিদের প্রশিক্ষণও খুব দ্রুত শেষ হবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘গণভোটের বিষয়ে মানুষের মধ্যে প্রচারণা চালাতে এবং উদ্বুদ্ধ করতে সারা দেশের মসজিদের ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে কাজে লাগানোর বিষয়ে আলোচনা চলছে। পোস্টাল ব্যালট নিবন্ধনে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। চূড়ান্তভাবে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করেছেন।’
তিনি বলেন, ‘নির্বাচনের আর মাত্র ৩৭ দিন বাকি আছে। আমরা মনে করি, আমরা খুবই ভালোভাবে প্রস্তুত আছি। এরইমধ্যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কনফিডেন্স লেভেল আরও একটু ভালো অবস্থায় আছে। কারণ তারা পরপর তিন-তিনটা বড় ইভেন্ট খুব সুচারুভাবে অর্গানাইজ করেছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় ইভেন্ট হয়নি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের বিষয়ে যারা কনফিউশন এখনও ছড়াচ্ছেন, আমরা দেখছি তাদের প্রোফাইলগুলো খুবই ক্লিয়ার। আগে তাদের রোল কি ছিল, তারা কেন ছড়াচ্ছেন। শরীফ ওসমান হাদির জানাজা, তারেক রহমানের দেশে ফিরে আসা এবং সেই উপলক্ষে একটা বড় পলিটিক্যাল জনসমাগম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা- বাংলাদেশের ইতিহাসে এত বড় ইভেন্ট কিন্তু হয়নি।’
নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘এটা নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আমাদের সিকিউরিটি যারা দেখেন, যে এজেন্সিগুলো, তারা কথা বলেছেন। যাদের সিকিউরিটি দরকার তাদের অনেককেই গানম্যান দেওয়া হয়েছে।’
সময়ের আলো/কেএইচও