মার্কিন আধিপত্য বিস্তার ছড়াচ্ছে নতুন ভীতি

সময়ের আলো ডেস্ক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা একের পর এক হুঁশিয়ারি দিচ্ছেন

2026-01-07T04:24:51+00:00
2026-01-07T04:35:41+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
মার্কিন আধিপত্য বিস্তার ছড়াচ্ছে নতুন ভীতি
গ্রিনল্যান্ড থেকে ইরান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৪:২৪ এএম  আপডেট: ০৭.০১.২০২৬ ৪:৩৫ এএম
কারাকাসের রাস্তায় রাতভর সশস্ত্র পুলিশের টহল। অন্তর্বর্তী স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলোকে লাল অক্ষরে লেখা কালো টুপি পরা অবস্থায় পুলিশের মাঝে দেখা যায়। ছবি : বিবিসি
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা একের পর এক হুঁশিয়ারি দিচ্ছেন বিশ্বের বিভিন্ন সরকারকে। এই তালিকায় রয়েছে কলম্বিয়া, কিউবা, মেক্সিকো, ইরান- এমনকি ডেনমার্কের স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডও। রোববার ট্রাম্প বলেন, আমাদের আশপাশে এমন দেশ চাই, যারা টেকসই ও সফল হবে এবং যেখানে তেল অবাধে বাজারে আসতে পারবে। তিনি আরও ঘোষণা করেন, পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্য আর কখনো প্রশ্নবিদ্ধ হবে না। গত দুই দিনে ট্রাম্প কী বলেছেন এবং সংশ্লিষ্ট সরকারগুলো কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছে, তা নিয়ে পর্যালোচনা করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। 

গ্রিনল্যান্ড : মার্কিন সময় রোববার আবারও ট্রাম্প বলেন, উত্তর আটলান্টিকের বিশাল দ্বীপ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে’ অপরিহার্য। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের গ্রিনল্যান্ড দরকার। এখন এটি অত্যন্ত কৌশলগত জায়গা। গ্রিনল্যান্ডজুড়ে রাশিয়া ও চীনের জাহাজ ভিড় করছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদের এটি প্রয়োজন, আর ডেনমার্ক একা এটি সামলাতে পারবে না। 

ট্রাম্পের এসব মন্তব্যের জবাবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন সোমবার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র থেকে বারবার যে বক্তব্য আসছে, তা পুরোপুরি অগ্রহণযোগ্য। মার্কিন প্রেসিডেন্ট যখন বলেন যে গ্রিনল্যান্ড তার প্রয়োজন এবং আমাদের ভেনেজুয়েলা ও সামরিক হস্তক্ষেপের সঙ্গে তুলনা করেন, তখন তা শুধু ভুলই নয়, চরম অসম্মানজনক। তিনি আরও বলেন, আমাদের দেশ কোনো বৃহৎ শক্তির কথার খেলনা নয়। আমরা একটি জনগোষ্ঠী, একটি দেশ, একটি গণতন্ত্র। পরে এক সংবাদ সম্মেলনে নিলসেন বলেন, আমরা এমন কোনো পরিস্থিতিতে নেই যে রাতারাতি কেউ দেশ দখল করে নেবে। গ্রিনল্যান্ডকে ভেনেজুয়েলার সঙ্গে তুলনা করা যায় না। আমরা একটি গণতান্ত্রিক দেশ। 

কলম্বিয়া : রোববার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন ট্রাম্প। তিনি পেত্রোকে আখ্যা দেন ‘একজন অসুস্থ মানুষ, যে কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে ভালোবাসে এবং খুব বেশি দিন সে এটা করতে পারবে না।’ এক সাংবাদিক প্রশ্ন করলে ভবিষ্যতে কলম্বিয়ায় কোনো ‘অপারেশন’ হতে পারে কি না, ট্রাম্প জবাব দেন, ‘শুনতে তো ভালোই লাগে।’ এর জবাবে পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রায় ৭০০ শব্দের এক পোস্টে মাদকবিরোধী লড়াইয়ে তার সরকারের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি দাবি করেন, তার সরকার ‘বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় কোকেন জব্দ’ করেছে। 

তিনি লেখেন, ‘আমি অবৈধ নই, আমি কোনো মাদকসম্রাটও নই। আমার সম্পদ বলতে শুধু আমার পরিবারের বাড়ি, যেটার কিস্তি আমি এখনও বেতনের টাকা দিয়ে দিচ্ছি।’  

কিউবা : রোববার ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র কিউবায় সামরিক হস্তক্ষেপের দরকার নেই, কারণ দেশটি ‘নিজে থেকেই ভেঙে পড়ছে।’ তিনি বলেন, আমি কোনো পদক্ষেপের প্রয়োজন দেখি না। মনে হচ্ছে সবকিছুই নিচের দিকে যাচ্ছে। ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলা থেকে তেল আসাই ছিল কিউবার প্রধান আয়ের উৎস, যা এখন বন্ধ। তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবা সরকারকে ‘একটি বড় সমস্যা’ হিসেবে বর্ণনা করেন। এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে রুবিও বলেন, ‘হ্যাঁ, তারা বড় বিপদে আছে।’ 

মেক্সিকো : মাদক কার্টেলের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ট্রাম্প বহুবার মেক্সিকোর সমালোচনা করেছেন। রোববার তিনি বলেন, মাদক ‘ঢল নামে’ মেক্সিকো দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকছে এবং ‘আমাদের কিছু একটা করতেই হবে।’ 

ইরান : ইরানের ব্যাপারেও ট্রাম্প তার হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেছেন। দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। রোববার তিনি বলেন, আগের মতো যদি তারা মানুষ হত্যা শুরু করে, তা হলে যুক্তরাষ্ট্র খুব কঠোরভাবে আঘাত হানবে। এর আগে তিনি বলেছিলেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে’, তা হলে যুক্তরাষ্ট্র ‘উদ্ধারে এগিয়ে আসবে’ এবং তারা ‘সম্পূর্ণ প্রস্তুত।’

একটি ইরানি মানবাধিকার সংস্থার হিসেবে, এখন পর্যন্ত অন্তত ১৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। গত মাসের শেষে ট্রাম্প ইরানকে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠনের বিরুদ্ধে সতর্ক করেন। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ‘আমি শুনছি ইরান আবার খারাপ আচরণ করছে। তারা যদি আবার গড়ে তুলতে চায়, আমরা তাদের গুঁড়িয়ে দেব।’ 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি রোববার বলেন, ইসলামি প্রজাতন্ত্র ‘শত্রুর কাছে মাথানত করবে না’ এবং দাঙ্গাকারীদের ‘নিজেদের জায়গায় রাখা হবে।’ জুন মাসে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের একাধিক গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এই হামলার মধ্য দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র-ইরান দ্বিপক্ষীয় আলোচনার যে নড়বড়ে প্রক্রিয়া চলছিল, সেটির কার্যত অবসান ঘটে।

সময়ের আলো/এনএ 
  বিষয়:   মার্কিন  আধিপত্য বিস্তার  নতুন ভীতি  গ্রিনল্যান্ড থেকে ইরান 


Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: