জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমবারের মতো জামিনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হুমায়ুন কবির পাটোয়ারীকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক বেঞ্চ এ আদেশ প্রদান করেন। জুলাই গণহত্যা সংক্রান্ত মামলাগুলোর মধ্যে এটিই প্রথম জামিনের ঘটনা।
আসামির পক্ষে আইনজীবী শুনানিতে জানান, হুমায়ুন কবির পাটোয়ারী গুরুতর লিভার সিরোসিসে আক্রান্ত। একই রোগে তার দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলেও আদালতকে অবহিত করা হয়। এ কারণে মানবিক বিবেচনায় জামিন আবেদন করা হয়।
আরও পড়ুন
এ বিষয়ে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের বক্তব্য জানতে চাইলে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আসামিপক্ষ গুরুতর অসুস্থতার পক্ষে হাসপাতালের চিকিৎসা প্রতিবেদন জমা দিয়েছে। তাই জামিনের আবেদনের বিরোধিতা করা যাচ্ছে না। তবে জামিনে মুক্তি পেলে যেন তিনি অন্য কোনো আসামির সঙ্গে যোগাযোগ করতে না পারেন, সে বিষয়ে শর্ত আরোপের অনুরোধ জানান তিনি।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত কয়েকটি শর্তে জামিন মঞ্জুর করেন। শর্তগুলোর মধ্যে রয়েছে, আসামিকে নিজ বাসার ঠিকানা দিতে হবে, গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বক্তব্য দেওয়া যাবে না, তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে অবহিত না করে বাসা পরিবর্তন করা যাবে না এবং মামলার সাক্ষ্য ও প্রমাণ প্রভাবিত করা যাবে না। এসব শর্ত লঙ্ঘন হলে তদন্ত কর্মকর্তা তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করতে পারবেন।
জামিনপ্রাপ্ত হুমায়ুন কবির পাটোয়ারী লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি একই উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। লক্ষ্মীপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা অন্য একটি মামলায় ২০২৪ সালের আগস্টে প্রথমে তাকে গ্রেফতার করা হয়। পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এই মামলার অন্য আসামিরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।
এএডি/