ফিলিস্তিনি লেখিকাকে নিষিদ্ধ করায় অস্ট্রেলিয়ায় শীর্ষ লেখক উৎসব বাতিল

সময়ের আলো ডেস্ক

ফিলিস্তিনি-অস্ট্রেলীয় এক লেখিকাকে আমন্ত্রণ জানিয়ে পরে তা বাতিল করার জেরে ১৮০ জন লেখকের গণবয়কট এবং পরিচালকের পদত্যাগের মুখে বাতিল হয়ে

2026-01-14T02:58:58+00:00
2026-01-14T02:58:58+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
ফিলিস্তিনি লেখিকাকে নিষিদ্ধ করায় অস্ট্রেলিয়ায় শীর্ষ লেখক উৎসব বাতিল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ২:৫৮ এএম 
সংগৃহীত ছবি
ফিলিস্তিনি-অস্ট্রেলীয় এক লেখিকাকে আমন্ত্রণ জানিয়ে পরে তা বাতিল করার জেরে ১৮০ জন লেখকের গণবয়কট এবং পরিচালকের পদত্যাগের মুখে বাতিল হয়ে গেছে অস্ট্রেলিয়ার বিখ্যাত অ্যাডিলেড ফেস্টিভালের শীর্ষ লেখক উৎসব। উৎসবের পরিচালক লুইস অ্যাডলার পদত্যাগ করে বলেছেন, তিনি কোনো ফিলিস্তিনি লেখকের কণ্ঠরোধ করার অংশ হতে পারেন না। তিনি সতর্ক করে বলেন, গত মাসে সিডনির বন্ডাই সৈকতে বন্দুক হামলার পর প্রতিবাদ ও স্লোগান নিষিদ্ধ করার পদক্ষেপ বাকস্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে। 

গত মাসে সিডনির বন্ডাই সৈকতে একটি ইহুদি ধর্মীয় উৎসবে বন্দুক হামলার ঘটনায় ১৫ জন নিহত হন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই অ্যাডিলেড ফেস্টিভাল বোর্ড ফিলিস্তিনি ঔপন্যাসিক ও শিক্ষাবিদ রান্ডা আবদেল-ফাত্তাহর আমন্ত্রণ বাতিল করার সিদ্ধান্ত নেয়। ফেস্টিভাল বোর্ড বলছে, বন্ডাই সৈকতের ট্র্যাজেডির পর ফিলিস্তিনি লেখককে সাহিত্য উৎসবে রাখা সাংস্কৃতিকভাবে সংবেদনশীল হবে না। তা ছাড়া হামলার ঘটনায় শোকাহত ও বিপর্যস্ত সম্প্রদায়ের প্রতি সম্মান দেখিয়েই ফিলিস্তিনি লেখককে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Advertisement
বোর্ডের সিদ্ধান্তের প্রতিবাদে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, ব্রিটিশ লেখিকা জেডি স্মিথ এবং পুলিৎজার বিজয়ী পার্সিভাল এভারেটসহ অন্তত ১৮০ জন লেখক উৎসবে অংশ না নেওয়ার ঘোষণা দেন। এ পরিস্থিতিতে বোর্ড এক বিবৃতিতে ক্ষমা চেয়ে বলেছে, তাদের সিদ্ধান্তটি বিভেদ সৃষ্টি করায় তারা আন্তরিকভাবে ক্ষমা চাইছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় লেখক উৎসবটি আর আয়োজন করা হচ্ছে না এবং বাদবাকি বোর্ড সদস্যরাও পদত্যাগ করবেন বলেও জানান তারা। 

গতকাল মঙ্গলবার ফেস্টিভাল বোর্ড ফিলিস্তিনি লেখিকা রান্ডা আবদেল-ফাত্তাহর কাছেও ক্ষমা চেয়েছে। তবে আবদেল-ফাত্তাহ এই ক্ষমা গ্রহণ করেননি বলে সামাজিক যোগযোগমাধ্যমে জানিয়েছেন। তার আমন্ত্রণ বাতিলের সিদ্ধান্তকে তিনি ‘ফিলিস্তিনি-বিরোধী বর্ণবাদ এবং সেন্সরশিপের নির্লজ্জ বহিঃপ্রকাশ’ বলে অভিহিত করেছেন। আবদেল-ফাত্তাহ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, বন্ডাই সৈকতে ওই হামলার সঙ্গে তার বা কোনো ফিলিস্তিনির কোনো সম্পর্ক নেই। 

উৎসবের পরিচালক লুইস অ্যাডলার, যিনি নিজে একজন হলোকাস্ট থেকে বেঁচে ফেরা দম্পতির মেয়ে, পদত্যাগ করে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানে লিখেছেন, ‘ফিলিস্তিনি লেখিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বাকস্বাধীনতাকে দুর্বল করে এবং একটি অনুন্নত ও পরাধীন জাতির আগাম বার্তা দেয়।’ তবে সাউথ অস্ট্রেলিয়া রাজ্য সরকার ইতিমধ্যে উৎসবের জন্য একটি নতুন বোর্ড নিয়োগ দিয়েছে।

সময়ের আলো/এনএ 
  বিষয়:   ফিলিস্তিনি লেখিকা  নিষিদ্ধ  অস্ট্রেলিয়া  শীর্ষ লেখক  উৎসব বাতিল 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: