সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান। গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের রাজধানী বার্নে ফেডারেল প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করেন।
জেনেভায় বাংলাদেশ মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পরিচয়পত্র পেশের পর সুইস প্রেসিডেন্ট ও রাষ্ট্রদূতের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সুইস পররাষ্ট্রবিষয়ক ফেডারেল বিভাগের হেড অব প্রোটোকল টেরেন্স বিলেটার, জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ফজলে লোহানী বাবু এবং কাউন্সেলর সবুজ আহমেদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মিশন জানায়, প্রেসিডেন্ট পারমেলিন বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব প্রদান করা হয় বলে পুনর্ব্যক্ত করেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তিনি বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে খোঁজ-খবর নেন।
রাষ্ট্রদূত নাহিদা সোবহান সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট-এর নিকট বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করেন। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, এ অংশীদারিত্ব আগামী বছরগুলিতেও অব্যাহত থাকবে।
তিনি প্রেসিডেন্ট পারমেলিনকে অবহিত করেন যে, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারাদেশ প্রস্তুতি নিচ্ছে এবং এ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সুসংহত করবে। তিনি আরও আশ্বস্ত করেন যে, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, নির্বাচন-পরবর্তী সময়েও বাংলাদেশ - সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকবে।
রাষ্ট্রদূত নাহিদা সোবহান প্রেসিডেন্ট পারমেলিনকে বার্নে বাংলাদেশের একটি আবাসিক কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের কথাও অবহিত করেন। প্রেসিডেন্ট পারমেলিন এ সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং সন্তোষ ও উৎসাহ প্রকাশ করেন। তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে সুইজারল্যান্ডের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সময়ের আলো/এনএ