ক্ষমতায়
গেলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে শত্রুতার অবসান এবং ইরানকে একটি
সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির শেষ রাজা (শাহ)
মোহম্মদ রেজা শাহ পাহলভির জ্যেষ্ঠ সন্তান রেজা পাহলভি। একই সঙ্গে ইরানের
সামরিক খাতে পরমাণু কর্মসূচি বন্ধ করবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওবার্তায় তিনি
এই ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমাদের
বন্ধুরা, ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের দাসত্বে থাকতে থাকতে
আপনাদের মনে হয়তো ধারণা হয়েছে যে ইরান মানেই সন্ত্রাসবাদ, মৌলবাদ এবং
দারিদ্র্য, কিন্তু এটা ইরানের প্রকৃত চেহারা নয়। সত্যিকারের ইরান হলো একটি
সুন্দর, শান্তিপ্রিয় এবং সমৃদ্ধ ইরান, যা ইসলামি প্রজাতন্ত্র ক্ষমতাসীন
হওয়ার আগে ছিল।
তিনি আরও বলেন, যেদিন থেকে ইসলামি প্রজাতন্ত্রের
পতন ঘটবে, ছাই-ভস্ম থেকে সেই পুরোনো প্রকৃত ইরান ফের জেগে ওঠা শুরু করবে।
সেই নতুন ইরানে সামরিক খাতে পরমাণু প্রকল্প বন্ধ করা হবে। সন্ত্রাসী
গোষ্ঠীগুলোকে সমর্থন ও সহায়তা প্রদান তাৎক্ষণিকভাবে বন্ধ করা হবে এবং
সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ, মাদক পাচার এবং ইসলামি কট্টরপন্থার বিরুদ্ধে
আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। মধ্যপ্রাচ্য
অঞ্চলে ইরান পরিচিতি পাবে একটি স্থিতিশীল ও মিত্রভাবাপন্ন রাষ্ট্র হিসেবে,
সেই সঙ্গে বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতেই ইরান দায়িত্বশীল অংশীদার হবে।
রেজা
পাহলভি বলেন, আর কূটনৈতিক ক্ষেত্রে আমরা বলতে পারি, যুক্তরাষ্ট্র ও
মার্কিন নাগরিকদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্বাভাবিক করা হবে,
ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। ইরান, ইসরায়েল
এবং আরব বিশ্বকে মুক্ত করতে ইরান সবসময় আব্রাহাম চুক্তি ও সাইরাস চুক্তি
বিস্তারের পক্ষে থাকবে। ইরান আন্তর্জাতিক মান অনুসারে চলবে। একটি মুক্ত
ইরান হবে শান্তি, উন্নতি এবং অংশীদারত্বের প্রতীক।
তবে ডোনাল্ড
ট্রাম্প মার্কিন সময় বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যদি
বর্তমান রেজিমের পতন ঘটে তবে পাহলাভি দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য পর্যাপ্ত
সমর্থন অর্জন করতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। রয়টার্সকে
ট্রাম্প বলেন, তাকে খুব সুন্দর দেখাচ্ছে। কিন্তু আমি জানি না সে তার নিজের
দেশে কীভাবে খেলবে। আর আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাইনি। আমি জানি না তার
দেশ তার নেতৃত্ব গ্রহণ করবে কি না। যদি ইরানিরা তাকে মেনে নেয় তবে তা আমার
জন্য সুবিধার হবে।
সময়ের আলো/এসকে/