আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান ও তার মা শাহনাজ রহমান।
নিজের ভাইবোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প জালিয়াতি করে ১৪ হাজার ১৬০টি শেয়ার হস্তগত করার অভিযোগে করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ২ ঘণ্টার মধ্যেই আত্মসমর্পণ করেন সিমিন ও তার মা।
বুধবার আদালতে অনুপস্থিত থাকায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান ও মো. সামসুজ্জামান পাটোয়ারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
পরোয়ানা জারির ২ ঘণ্টা পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অপর এক আদালতে আত্মসমর্পণ করে জামিন চান সিমিন রহমান ও শাহনাজ রহমান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত ৫০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
বাদী পক্ষের আইনজীবী মনির হোসেন জানান, ৫ম তলায় ১০ নম্বর আদালতে আত্মসমর্পণ করেছেন তারা। আমরা দৌঁড় দিয়ে ওপরে যেতে যেতেই শুনি জামিন হয়ে গেছে। আমাদের শুনানির সুযোগ দেওয়া হয়নি। পরোয়ানা জারি করা আরেক আসামি মো. সামসুজ্জামান পাটোয়ারি পলাতক আছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি ভাইবোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে গুলশান থানায় এই মামলা করেছিলেন লতিফুর রহমানের আরেক মেয়ে শাযরেহ হক।
সময়ের আলো/এআর