দুর্নীতির মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে ৫ জানুয়ারি রেখেছে আদালত। এছাড়া সাবেক পরিবেশ বিষয়ক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধেও প্রতিবেদন দাখিলের জন্য ২৮ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মামলা দুটির প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল । এদিন তদন্ত সংস্থা দুদক প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার ভারপ্রাপ্ত মহানগর সিনিয়র স্পেশাল জজ আয়েশা আক্তার মৌসুমী প্রতিবেদনের জন্য নতুন তারিখ ধার্য করেন।
দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এদিন শুনানিকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
আসাদুজ্জামান নূরের মামলায় বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার হত্যাকাণ্ডের মামলায় তাকে আসামি করা হয়েছে। পাশাপাশি, গত ৩০ জুলাই পাঁচ কোটি ৩৭ লাখ টাকার ‘অবৈধ সম্পদ অর্জন’ এবং ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়।
অপরদিকে, জ্যাকবের বিরুদ্ধে গত বছরের ২৪ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের উপপরিচালক এস এম রাশেদুর রেজা মামলা দায়ের করেন। মামলায় ১৩ কোটি ৯৮ লাখ ৯ হাজার ৯২৯ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রাখা এবং বিভিন্ন ব্যাংক হিসেবে মোট ৮৫ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ৪১৯ টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
সময়ের আলো/আতা