জম্মু ও কাশ্মিরের ডোডা জেলায়
এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে
ভাদেরওয়াহ-চাম্বা আন্তঃরাজ্য সড়কের ৯ হাজার ফুট উচ্চতাবিশিষ্ট খানি টপ
এলাকায় ১৭ থেকে ২১ জন জওয়ানকে বহনকারী একটি বুলেট প্রুফ সাঁজোয়া যান সমতল
থেকে উঁচু চৌকির দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ২০০
ফুট গভীর খাদে পড়ে যায়।
সেনাবাহিনী ও স্থানীয় সূত্র জানিয়েছে,
প্রতিকূল আবহাওয়া ও পিচ্ছিল পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ
হারালে গাড়িটি খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও
স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
পিটিআইয়ের
প্রতিবেদন থেকে জানা গেছে, উদ্ধারকারীরা ঘটনাস্থলেই চার সেনার মরদেহ উদ্ধার
করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও ছয় জওয়ান মারা
যান।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, দুর্ঘটনায় আহত ১০ সেনাসদস্যের
অবস্থা আশঙ্কাজনক। সেনাবাহিনীর হোয়াইট নাইট কোরের নির্দেশনায় আহত সেনাদের
উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে (এয়ারলিফট) উধমপুর কমান্ড হাসপাতালে
নিয়ে যাওয়া হয়েছে।
সময়ের আলো/এসকে/