আবুধাবির লাইভ
মিউজিক অঙ্গনে বড় চমক! বিশ্বখ্যাত লাতিন পপ তারকা শাকিরাকে হেডলাইনার
হিসেবে ঘোষণা করেছে অফলিমিটস মিউজিক ফেস্টিভাল ২০২৬। দীর্ঘ বিরতির পর
সংযুক্ত আরব আমিরাতে ফিরছেন এই কলম্বিয়ান সুপারস্টার। ইয়াস আইল্যান্ডের
এতিহাদ পার্কে ৪ এপ্রিল অনুষ্ঠেয় এই উৎসব ঘিরে ইতিমধ্যেই সংগীতপ্রেমীদের
আগ্রহ তুঙ্গে। এটি হবে অফলিমিটস উৎসবের দ্বিতীয় আয়োজন। পূর্ণ দিবসব্যাপী এই
মাল্টি-স্টেজ, ওপেন-ফরম্যাট মিউজিক ফেস্টিভ্যালে শাকিরাই থাকবেন প্রধান
আকর্ষণ। আয়োজকরা জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে আরও আন্তর্জাতিক ও
আঞ্চলিক শিল্পীর নাম ধাপে ধাপে ঘোষণা করা হবে।
গত বছর প্রথমবারের
মতো আয়োজিত অফলিমিটস ফেস্টিভালকে আবুধাবির লাইভ মিউজিক ক্যালেন্ডারের একটি
শক্তিশালী সংযোজন হিসেবে অভিহিত করেছিল স্থানীয় গণমাধ্যম দ্য ন্যাশনাল।
২০২৫ সালের হেডলাইন শিল্পী এড শিরানের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক রিভিউ
প্রকাশিত হয়, যেখানে আধুনিক মঞ্চসজ্জা ও ভিজ্যুয়াল ব্যবহারের প্রশংসা করা
হয়েছিল।
শাকিরার জন্য এই কনসার্টটি সংযুক্ত আরব আমিরাতে তার চতুর্থ
পারফরম্যান্স। এর আগে তিনি ২০০৭ সালে দুবাই অটড্রোমে, ২০০৮ সালে আবুধাবির
এমিরেটস প্যালেসে নববর্ষের কনসার্টে এবং ২০১১ সালে তৎকালীন ডু অ্যারেনা
(বর্তমান এতিহাদ পার্ক)-এ পারফর্ম করেন।
কলম্বিয়ার বারানকুইয়ায় জন্ম
নেওয়া শাকিরা পপ, রক ও লাতিন আঞ্চলিক সংগীতের মিশ্রণে নিজস্ব ধারার জন্য
বিশ্বজুড়ে পরিচিত। তার বাবা উইলিয়াম মেবারাক চাদিদ লেবানিজ বংশোদ্ভূত।
দীর্ঘ সংগীতজীবনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে তিনি এমটিভি
মাইকেল জ্যাকসন ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড লাভ করেন।
সময়ের আলো/এসকে/