রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৯০ শতাংশ ভর্তিচ্ছু উপস্থিত ছিলেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এ তথ্য জানান।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বি ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের ছয়টি বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) রয়েছে। বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তার মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থী আবেদন করেছেন ১৮ হাজার ৪৫২ জন ও অ-বাণিজ্যের শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৪৩৪ জন।
এ বছর ‘বি’ ইউনিটে পাঁচটি আসন বাড়ানো হয়েছে। এবারে এই ইউনিটে আসন সংখ্যা ৫৬৪টি। এবার আসনপ্রতি লড়ছেন ৫৫ ভর্তিচ্ছু।
আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, বি ইউনিটের পরীক্ষার জন্য মোট পরীক্ষার্থী ছিল ৩০ হাজার ৮৮৬ জন। এবারে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে একই সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
তিনি জানান, আমরা কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি, আমাদের ধারণা, এই কেন্দ্রে ৯০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিতি হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দেশের অন্য কেন্দ্রগুলো থেকেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।
সময়ের আলো/আআ