ঢাকার ধামরাইয়ের রামরাবন এলাকায় ধর্ষণের গুজব ছড়িয়ে ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান।
গ্রেফতার চারজন হলেন জিয়োস চন্দ্র মনি দাস (৩০), শ্রী চরণ (৫০), সুভন (৩০) ও দিপু চন্দ্র মনি দাস (৪৫)।তারা সবাই ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের রামরাবন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রামরাবন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে আট হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়। তদন্তে তারা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। এদের মধ্যে শ্রী চরণের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মাদক মামলা রয়েছে।
এর আগে গত ১২ জানুয়ারি রামরাবন এলাকায় স্বামীকে বেঁধে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে এমন খবর প্রকাশ হয় সংবাদমাধ্যমে। ওই এলাকায় শান্তি মনি দাস নামে এক নারীর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে ফ্যাক্ট চেকার গণমাধ্যম দ্যা ডিসেন্টের অনুসন্ধানে জানা যায়, সেখানে ধর্ষণের নাটকের আড়ালে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এরপর ২২ জানুয়ারি ধামরাই থানায় উপস্থিত হয়ে এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী আব্দুর রাজ্জাক।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, রামরাবন এলাকার ঘটনায় ভুক্তভোগী মামলা করেন। এরপর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হবে।
সময়ের আলো/আআ